ফের ত্রিপুরায় শিশু সহ আটক ৮ বাংলাদেশি
বেআইনি অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না ভারতের ত্রিপুরা রাজ্যে। ফের এক মানব পাচারকারী, শিশু সহ ৮ বাংলাদেশি আটক ত্রিপুরায়। গোমতী জেলার উদয়পুর রেল স্টেশনে ৪জন শিশু সহ ১ বাংলাদেশি মহিলা ও ১ জন বাংলাদেশি পুরুষকে আটক করেছে পুলিশ। অপরদিকে, শনিবার (৯ নভেম্বর ) রাতে আগরতলার জিআরপি থানার পুলিশ মানব পাচারকারীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া এলাকা থেকে বিএসএফ ত্রিপুরা পুলিশ এবং জিআরপি থানার যৌথ অভিযানে আশীষ মালাকার নামে এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, অবৈধভাবে সে বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরাতে প্রবেশ করিয়ে রেলের মাধ্যমে ভারতের বিভিন্ন জায়গায় পাঠানো ব্যবস্থা করত। বর্তমানে সে বিচারাধীন অবস্থায় রয়েছে। রবিবার (১০ নভেম্বর ) দুপুরে ত্রিপুরার ঊনকোটি জেলা থেকে ২ বাংলাদেশি যুবককে আটক করল বর্ডার সিকিউরিটি ফোর্স। ২ বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করে ত্রিপুরারাজ্যের ঊনকোটি জেলায় প্রবেশ করেছিলেন। বিএসএফ তাদেরকে আটক করে ত্রিপুরা পুলিশের হাতে তুলে দিয়েছেন।