ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে অংশগ্রহণকারীরা কাজ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”