
জাতীয় সংসদ নির্বাচন শেষ না হতেই আলোচনায় এসেছে উপজেলা পরিষদ নির্বাচন। এ নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছে বিভিন্ন দলে। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চেয়ারম্যান পদে দুই আইনজীবীর নাম আলোচনায় রয়েছে।
দলীয় একাধিক সূত্রে জানা যায়, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য ও ফটিকছড়ি উপজেলার নায়েবে আমীর এডভোকেট মোহাম্মদ ইসমাঈল গনী এবং চট্টগ্রাম উত্তর জেলা ইউনিটের সদস্য এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনূস।
এডভোকেট মোহাম্মদ ইসমাঈল গনী আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজ কোর্টে ওকালতির পাশাপাশি দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং স্থানীয়ভাবে পরিচিত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এবং একজন মানবাধিকার কর্মী। এর আগে তিনি ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জামায়াতে ইসলামী সাধারণত তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করে থাকেন। স্থানীয় জামায়াতের একাধিক সূত্র জানায়,তৃণমূলের মতামতের ভিত্তিতে শীঘ্রই উপজেলা নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হবে।
তবে সাধারণ ভোটারদের প্রত্যাশা, দল এমন প্রার্থী মনোনয়ন দেবে, যিনি মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।
তরুণ ভোটারদের মতে, দলকে আরও জনবান্ধব হয়ে কাজ করতে হবে। পাশাপাশি নতুন ও তরুণ নেতৃত্বকে সামনে আনার দাবি জানিয়েছেন তারা।
![]()









