মোহাম্মদ এনামুল হক
কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অন্যত্র বিক্রি করার সময় ফটিকছড়ির ভূজপুরে হাতেনাতে ৩ অবৈধ মাটি বিক্রেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি সরবরাহ কাজে ব্যবহৃত ২ টি ড্রাম ট্রাক ও মাটি খননে ব্যবহৃত একটি এস্কেবেটর জব্দ কর হয়।
বৃহস্পতিবার (২ মে) রাতে ভূজপুর ইউনিয়ের ২ নং ওয়ার্ডের পোদ্দারপাড়া আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
অভিযানে আটককৃতরা হলো - কোটবাড়িয়া মৃত আমিনুর রহমানের পুত্র হাসানুল করিম (৪৮), সিংহরিয়ার নেপাল দে'র পুত্র বিশ্বজিত দে (৩৪), ইদিলপুরের ছাফা সওদাগরের পুত্র মো. শাহিনুর (২৪)।
তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা ম্যাজিস্ট্রেটকে জানান, এই অপরাধের সাথে তাদের আরও বড় একটি চক্র জড়িত আছে। যারা উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত কৃষি জমির টপ সয়েল ও পাহাড় কাটার সাথে জড়িত।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুরের পোদ্দারপাড়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির (টপসয়েল) উপরিভাগের মাটি কেটে অন্যত্র বিক্রি করার প্রক্কালে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয় এবং এস্কেবেটর ও ড্রাম ট্রাক জব্দ করা হয়।তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়ার জন্য ভূজপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে মাটি খনন ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।