প্রস্তাবিত ভূমি অফিসের জমি দখলের অভিযোগ, ঈদের ছুটিতে ঘর তোলার শঙ্কা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত সরকারি জমির একাংশ দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এ দখল প্রক্রিয়ার সঙ্গে ভূমি অফিসের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশ রয়েছে। স্থানীয় অনুসন্ধানে জানা গেছে, দলিল লিখক মো. রনি শেখ সম্প্রতি ওই জমির একাংশ টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন এবং সেখানে ঘর নির্মাণের জন্য নির্মাণসামগ্রীও এনে রেখেছেন। স্থানীয়দের আশঙ্কা, আসন্ন ঈদের দীর্ঘ ছুটির সুযোগে সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা করা হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর মাওয়া-বালিগাঁও সড়কের ঘোড়দৌড় এলাকার বড় নওপাড়া মৌজার ৩২০ নম্বর দাগে অবস্থিত সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন সরকারি জমি থেকে বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করে ৫৩ শতাংশ জমি দখলমুক্ত করা হয়। তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আল ইমরানের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উদ্ধার হওয়া মোট ৫৩ শতাংশ জমির মধ্যে দক্ষিণ পাশের ৩ শতাংশ সড়ক ও জনপথ বিভাগের আওতায় পড়েছে বলে জানা গেছে। এছাড়া উত্তর পাশের ২০ শতাংশ জমি ঘোড়দৌড় কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ হিসেবে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। বাকি ৩৩ শতাংশ জমি উপজেলা ভূমি অফিসের ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত হিসেবে সংরক্ষণ করা হয়। তবে অভিযোগ উঠেছে, এই সংরক্ষিত জমির পশ্চিম পাশের প্রায় ৩ শতাংশ অংশ দখল করেছেন দলিল লিখক মো. রনি শেখ।
সরেজমিনে দেখা গেছে, প্রস্তাবিত জমির দখল করা অংশে টিনের বেড়া দেওয়া হয়েছে। সেখানে নির্মাণকাজ শুরুর প্রস্তুতির অংশ হিসেবে ইট, বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাখা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে মাত্র প্রায় ১০০ মিটার দূরত্বে সরকারি জমি দখলের এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া মৌজার জে.এল. নম্বর-৪৮, খতিয়ান নম্বর-১ এবং দাগ নম্বর-৩২০ অনুযায়ী মোট জমির পরিমাণ ৫৬ শতাংশ। এর মধ্যে ৩ শতাংশ সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। বাকি ৫৩ শতাংশ জমি সরকারের পক্ষে উদ্ধার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়। পরবর্তীতে ওই জমির চারদিকে সিমেন্টের খুঁটি ও জিআই তার দিয়ে সীমানা নির্ধারণ করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দলিল লিখক মো. রনি শেখ দাবি করেন, উল্লেখিত জায়গাটি তাঁর নিজ মালিকানাধীন জমি এবং তিনি বৈধভাবে তা ক্রয় করেছেন। তবে তাঁর জমির নামজারি কেন বাতিল হয়েছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের এসিল্যান্ড ভুলবশত নামজারি বাতিল করেছিলেন।
এ বিষয়ে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তার বলেন, সরকারি জমি দখলের বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে উচ্ছেদের নোটিশ দেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের দাবি, সরকারি জমি দখলের অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে প্রস্তাবিত ভূমি অফিসের জমি আর কোনোভাবে বেদখল না হয়।