প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমালয়, অন্তত ৬৩ জনের মৃত্যু
প্রবল ঝড় বৃষ্টির জেরে ভারতের হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০ জনে। অন্তত ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ষণের জেরে। কয়েক দিনের টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা। এহেন বিপর্যয়ের মধ্যেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ৩ দিন অতি ভারী বৃষ্টি হবে হিমাচল প্রদেশ জুড়ে। প্রবল বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে বিপাশা। মান্ডির পাশাপাশি খারাপ পরিস্থিতি সিমলা এবং কুল্লুর ও। কুল্লুতে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। কিন্তু টানা বৃষ্টিতে সেই উদ্ধার কাজ ও ব্যাহত হচ্ছে। তার মধ্যেই আগামী কয়েকদিন পাহাড়ি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।