
প্রচন্ড বৃষ্টিতে ভেঙে পড়ল হাসপাতালের প্রাচীর, বেঙ্গালুরুতে ২ শিশু সহ ৭ জন নিহত
প্রবল বৃষ্টির মধ্যে উঁচু প্রাচীর লাগোয়া ফুটপাতে অস্থায়ী প্লাস্টিকের ছাউনির নীচে আশ্রয় নিয়েছিলেন অনেকে। তাঁদেরই উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর শিবাজিনগরের বোয়ারিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রাচীরের একাংশ। বুধবার (২৯ এপ্রিল ) সন্ধ্যায় এই ঘটনায় ২ শিশু সহ ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ৭ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশংকা রয়েছে। অভিযোগ, কয়েক দশকের পুরনো ওই প্রাচীরের উপর নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছিল। সেই চাপ সহ্য করতে না পেরে ভারী বৃষ্টির জেরে প্রাচীরের একাংশ ভেঙে পড়ে। এরপরেই হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জনের। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
![]()









