পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৬২ দশমিক ০৭ ঘনফুট অবৈধ সেগুন ও কড়ই কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার ৯২৫ টাকা।
রোববার (১৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর স্টিল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মালিকানাবিহীন অবস্থায় এসব কাঠ জব্দ করা হয়।
৩ বিজিবির জেসিও-১০৮৫৯ নায়েব সুবেদার বাদক মো. তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহলদল অভিযানে ৩৭ দশমিক ৯১ ঘনফুট সেগুন কাঠ এবং ২৪ দশমিক ১৬ ঘনফুট কড়ই কাঠ জব্দ করে। সব মিলিয়ে জব্দকৃত কাঠের পরিমাণ ৬২ দশমিক ০৭ ঘনফুট।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৮ হাজার ৯২৫ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত কাঠ পানছড়ি বন বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে।
অবৈধ কাঠ পাচার ও বনজ সম্পদ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।