পাথারকান্দিতে কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবার
কালবৈশাখীর তান্ডবে বিধ্বস্ত হয়ে পড়েছে ভারতের আসামরাজ্যের শ্রীভূমি জেলার পাথারকান্দি ও আশেপাশের বিস্তীর্ণ এলাকা। সোমবার (২০ এপ্রিল ) ভোর রাত ৪টায় হঠাৎ করেই শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। ঝড়ে শহর থেকে গ্রাম, এমনকি চা বাগান এলাকাও এই দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল ঝড়ো হওয়ার দাপটে উপড়ে পড়ে অসংখ্য গাছ, ভেঙে যায় বিদ্যুতের খুঁটি, ফলে বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ডুবে যায়। বহু জায়গার রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়ায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। পাথারকান্দি শহর, পাহাড়িগাঁও, ভুবরিঘাট, কলকলিঘাট, বিলবাড়ী সহ একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে বহু কাঁচা ঘরবাড়ি, দোকানপাট ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ির টিনের চাল উড়ে গেছে, কোথাও আবার গাছ ভেঙে বসত ঘরের উপর পড়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে। প্রাথমিক হিসেবে প্রায় ৫ শতাধিক পরিবার আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।