পাঞ্জাবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ! ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ৮
শনিবার (৬ জুন) সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল পাঞ্জাবের ফিরোজপুর - ফাজিলকা রোড। একটি মালবাহী ট্রাক এবং যাত্রীবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জনের ও বেশি যাত্রী। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে ফিরোজপুর - ফাজিলকা রোডের জাঙ্গাওয়ালা গ্রামের কাছে। প্রায় ২৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান জালালাবাদ থেকে বিয়াসের " রাধা স্বামী " ডেরার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি প্রচন্ড সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তীব্রতা এতটাই বেশি ছিল যে, পিকআপ ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ৪ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং বাকি ৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে। সকালে বিকট আওয়াজ শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত পুলিশে খবর দেন এবং প্রাথমিক উদ্ধার কাজে হাত লাগান। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত ও আহত যাত্রীদের উদ্ধার করে ফিরোজপুরের সিভিল হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশংকাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। ঠিক কি কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। সবদিক খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।