পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণে ৪ জন নিহত
ফের বাজি কারখানায় বিস্ফোরণ পশ্চিমবঙ্গে। নদিয়ার কল্যাণীর রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও ১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারখানাটি। উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রা। ধ্বংসস্তৃপের তলায় আর কেউ আটকে রয়েছে কিনা, দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) দুপুরে কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলা এলাকায় একটি বাজি কারখানায় আগুন লাগে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৩ মহিলা সহ ১ পুরুষের। আহত আরও ১ মহিলা। তাঁকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে কারখানাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী। তবে কি করে বিস্ফোরণ তা জানা যায়নি। কারখানাটি বেআইনি কি না, তাও স্পষ্ট নয়। এ নিয়ে তদন্ত করছে পুলিশ।