পশ্চিমবঙ্গে ছাত্রীদের হুমকি - শ্লীলতাহানির অভিযোগে ধৃত অধ্যাপকের গলায় জুতোর মালা
ভারতের পশ্চিমবঙ্গে ছাত্রীদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন অধ্যাপক। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার গোবরডাঙা হিন্দু কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক সন্দীপ দত্তের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে শুক্রবার (২৪ জুলাই ) কলেজ চত্বরেই বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে অধ্যাপককে গ্রেফতার করা হয়। তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় জুতোর মালা পরিয়ে দেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা, ছোড়া হয় ডিমও। পুলিশ সূত্রে প্রকাশ, গাইঘাটার চাঁদপাড়ার বাসিন্দা সন্দীপ দত্ত দীর্ঘদিন ধরে গোবরডাঙা হিন্দু কলেজে ভূগোল বিভাগের অতিথি অধ্যাপক। নিজের বাড়িতেও তিনি টিউশন পড়ান। অভিযোগ, বেশ কিছুদিন ধরে কয়েকজন ছাত্রীকে কুপ্রস্তাব দিতেন সন্দীপ। প্রস্তাবে সাড়া না দিলে প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো হত বলেও অভিযোগ। ২ ছাত্রীর দাবি, সম্প্রতি তাঁদেরও একইভাবে ভয় দেখিয়ে চাঁদপাড়ার বাড়িতে ডেকে নিয়ে যায় ভূগোল স্যার। সেখানে তাঁদের শ্লীলতাহানি করা হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন ছাত্রীরা। অধ্যাপকের এহেন কুকীর্তি প্রকাশ্যে আসতেই শুক্রবার (২৪ জুলাই ) কলেজে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত অধ্যাপককে ঘিরে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। হেনস্তা ও মারধরের অভিযোগ ও ওঠে । খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অধ্যাপককে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের একাংশ তাঁর গলায় জুতোর মালা পরিয়ে ডিম ছোড়ে বলেও অভিযোগ। এসবের মুখে পড়ে অভিযুক্ত অধ্যাপক নিজের অপরাধ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন