
পশ্চিমবঙ্গের হোটেলে ভয়াবহ আগুন, ঘুমের মধ্যেই প্রাণ গেল ৭ জনের
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট ) ভোর সাড়ে ৪টার দিকে তারাপিঠ থানার পাশে অবস্থিত ওই ৫তলা বিদেশিনী হোটেলে আগুন লাগে। অগ্নিকান্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ২২ জন আবাসিককে উদ্ধার করা হয়েছে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে হোটেলের ভেতরে আর কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখা হয়। উদ্ধার অভিযান শেষে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে ূআগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ার পর হোটেল জুড়ে চিৎকার চেঁচামেচি শুরু হয়। প্রাণ বাঁচাতে অনেকে ব্যালকনি দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কেউ কেউ পাশের গাছ বেড়ে নিচে নামারও চেষ্টা করেন। অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।
![]()









