পশ্চিমবঙ্গের হাওড়ায় প্রবল বজ্রপাতের তান্ডব, মৃত ৩ আহত ২
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় প্রবল বজ্রপাতের তান্ডব। ঘটনায় জগৎবল্লভপুরে ও আমতায় মৃত্যু হয় ৩ জনের, আহত হয়েছেন আরও ২। সোমবার ( আগস্ট ) দুপুরে ক্রমাগত বৃষ্টি, সঙ্গে প্রবল বজ্রপাতে কার্যত থমকে গেল হাওড়া জেলার একাংশ। খবরে প্রকাশ, মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। প্রথম ঘটনাটি সামনে আসে জগৎবল্লভপুরের হরিনারায়ণপুরের। ধানক্ষেতে কাজ করা ও ট্রাক্টর চালানোর সময় বজ্রপাতে ৪ জন চাষি আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মানবেন্দ্র মন্ডল (৫০) ও অনুপ কর (৪৫) কে মৃত বলে ঘোষণা করেন। আহত ২ জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে ১ জনকে আশংকাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে। অপরদিকে, বৃষ্টির মধ্যে জমিতে কাজ শেষে জলাশয়ে কোদাল ধৌত করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় কৃষক সুশান্ত রায় (৩৫) এর। স্ত্রী ও ৩ নাবালক সন্তানকে রেখে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে, ফলে দিশেহারা পরিবার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠায়। এই মর্মান্তিক ঘটনায় সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।