পশ্চিমবঙ্গের হরিণঘাটায় লরি- অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীর হরিণঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনা। অ্যাম্বুল্যান্স ও লরির মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। তাঁদের মধ্যে রয়েছে ২ মহিলা ও ১ শিশু। গুরুতর আহত আরও ৪ জন। তাঁদের আশংকাজনক অবস্থায় কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, শনিবার (১ মার্চ ) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ১২ নম্বর জাতীয় সড়কের জাগুলি মোড়ে। ঝাড়খন্ডের পাকুড় থেকে অ্যাম্বুল্যান্সটি রোগী নিয়ে কলকাতায় যাচ্ছিল। উল্টো দিক থেকে ছুটে আসছিল ১২ চাকার একটি লরি। মুখোমুখি সংঘর্ষ বাধে। অ্যাম্বুল্যান্সটি দুমড়ে মুচড়ে যায়। লরিটি ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। বাসিন্দারা প্রাথমিক উদ্ধার কাজে হাত লাগায়। খবর যায় পুলিশে। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ৩ জন আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আহত ও মৃতরা প্রত্যেকেই পড়শি রাজ্য ঝাড়খন্ডের পাকুড় এলাকার বাসিন্দা। মৃতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। কি করে এতবড় দূর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। সব দিক খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।