পশ্চিমবঙ্গের বকখালিতে ডুবন্ত ট্রলারে তল্লাশি অভিযান, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে
৭দিন নিখোঁজ থাকার পর পশ্চিমবঙ্গের শংকরপুর থেকে রওনা দেওয়া ট্রলার বকখালিতে উদ্ধার হয় রবিবার (১২ জুলাই )। রাতভর তল্লাশি চালিয়ে ট্রলার থেকে উদ্ধার আরও ৪ মৎস্যজীবীর দেহ। রবিবার (১২ জুলাই ) সকালে ৫ জনের দেহ উদ্ধার করেছিল পুলিশ। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ৯ জনে। এখনও নিখোঁজ ৬ জন। ট্রলার থেকে উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রশাসনিক আধিকারিক ও মৎস্যজীবীরা ট্রলারে ঢুকে তল্লাশি চালান। যদি কোনও দেহ মাছ ধরার জালে আটকে থাকে বা ভিতরে কোথাও আটকে থাকে তার খোঁজে তল্লাশি চলছে। অনুমান, দুর্ঘটনার মুহূর্তে নিখোঁজ মৎস্যজীবীদের কেউ কেউ গভীর সমুদ্রের উত্তাল টেউয়ে ভেসে যেতেও পারেন। রবিবার (১২ জুলাই ) রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপংকর জানা। পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার সীতারামপুরে গিয়ে নিখোঁজ মৎস্যজীবীদের তল্লাশি অভিযানে তদারকি করেন রাতভর। মন্ত্রী জানান, গোটা ঘটনার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন তিনি। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা ও চলছে। উপস্থিত ছিলেন কাকদ্বীপ মহকুমা প্রশাসন ও সুন্দরবন জেলা পুলিশ আধিকারিক, গোবর্ধন কোস্টাল থানার পুলিশ কর্মী এবং বন দপ্তরের অফিসাররা, বনকর্মী এবং মৎস্যজীবী সংগঠনের নেতৃত্বে বিজন মাইতি, সতীনাথ পাত্র প্রমূখ।