পরীক্ষাভীতি নয়, সংকটে শিক্ষা ব্যবস্থা: এখনই চাই কার্যকর মনিটরিং ও জবাবদিহিতা
মো. সেলিমুজ্জমান মজুমদার
শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে কেবল পরীক্ষা-সংক্রান্ত অসন্তোষ হিসেবে দেখলে বাস্তবতার একটি বড় অংশ আড়ালেই থেকে যাবে। আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ ও সরেজমিন পরিদর্শন পরিচালনা করা হলে সহজেই বোঝা যাবে, তাদের উদ্বেগের মূল কারণ শুধু পরীক্ষা নয়; বরং দীর্ঘদিন ধরে সঞ্চিত প্রাতিষ্ঠানিক দুর্বলতা, অব্যবস্থাপনা এবং জবাবদিহিতার অভাব।
দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন-ভাতা নিশ্চিত নয়। কোথাও শিক্ষকসংকট, কোথাও অবকাঠামোগত সীমাবদ্ধতা, আবার কোথাও নিয়মিত ও মানসম্মত শ্রেণি কার্যক্রমের অভাব শিক্ষার পরিবেশকে দুর্বল করে তুলেছে। শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার পরিবর্তে কোচিংনির্ভরতা, প্রস্তুতিহীন পাঠদান, অনাকর্ষণীয় ক্লাস, শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণ, ব্যবহারিক শিক্ষার দুর্বলতা এবং নিয়মিত মূল্যায়নের ঘাটতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ক্ষুণ্ন করছে। ফলে তারা পরীক্ষাকে জ্ঞান যাচাইয়ের স্বাভাবিক ধাপ হিসেবে নয়, বরং একটি অনিশ্চিত চ্যালেঞ্জ হিসেবে দেখছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর তদারকির অভাব। অনেক প্রতিষ্ঠানে সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও পেশাগত দায়বদ্ধতা দুর্বল হয়ে পড়েছে। অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ অনেক সময় নিরুৎসাহিত হয়। এতে সৎ ও নিষ্ঠাবান শিক্ষক-কর্মকর্তারাও হতাশ হয়ে পড়েন। অন্যদিকে, কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব, ব্যক্তিস্বার্থ কিংবা অস্বচ্ছ গোষ্ঠীচর্চা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। তবে এসব সমস্যার মূল্যায়ন হওয়া উচিত তথ্য, তদন্ত এবং ন্যায্য প্রক্রিয়ার ভিত্তিতে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, নিবেদিতপ্রাণ ও দক্ষ শিক্ষকদের যথাযথ মূল্যায়ন এবং প্রণোদনা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের ব্যবস্থায় এখনও ঘাটতি রয়েছে। সৎ ও কর্মনিষ্ঠ ব্যক্তিদের উৎসাহিত করার পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা কঠিন হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্ভূত প্রশাসনিক ও একাডেমিক সমস্যার দ্রুত সমাধানও সমান গুরুত্বপূর্ণ। একটি ফাইল প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দপ্তর ঘুরে বছরের পর বছর নিষ্পত্তিহীন থাকলে তার নেতিবাচক প্রভাব শিক্ষক, শিক্ষার্থী এবং পুরো শিক্ষা ব্যবস্থার ওপর পড়ে। অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা কমিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা জরুরি।
এখন সময় এসেছে নিয়মিত, পরিকল্পিত ও ফলপ্রসূ মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার। আঞ্চলিক ও জেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে পরিদর্শন টিম গঠন করে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত গ্রহণ এবং সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া যেতে পারে। একই সঙ্গে স্থানীয় জনগণ, পরিচালনা পর্ষদ এবং শিক্ষা প্রশাসনের সমন্বিত অংশগ্রহণে একটি কার্যকর জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তুলতে হবে।
শিক্ষা কোনো জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান ভিত্তি। তাই পরীক্ষায় নকল প্রতিরোধের পাশাপাশি শিক্ষার সামগ্রিক পরিবেশ, মানসম্মত পাঠদান, সুশাসন, ন্যায্য মূল্যায়ন এবং কার্যকর প্রশাসনিক তদারকিকে সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে হলে প্রথমেই তাদের শেখার পরিবেশকে নিরাপদ, ন্যায্য ও অনুপ্রেরণামূলক করে তুলতে হবে।
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এখনই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক মনিটরিং ব্যবস্থা জোরদার করা সময়ের অপরিহার্য দাবি। শিক্ষা ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আস্থা ফিরে আসবে। আর সেই আস্থার ভিত্তিতেই গড়ে উঠবে একটি দক্ষ, মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ।
লেখক: উপাধ্যক্ষ, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম