জনপ্রশাসনে এবার উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ২২১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এ পদোন্নতির তালিকায় সরকারের ১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একান্ত সচিব (পিএস) রয়েছেন।
গত ৪ সেপ্টেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির আদেশ জারি করা হয়। সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা মন্ত্রী, বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থা প্রধানদের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের একান্ত সচিব আহমদ কবীর, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের একান্ত সচিব শাহ মোমিন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার এবং সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমদের একান্ত সচিব মো. সারোয়ার হোসেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের একান্ত সচিব মো. আক্তারুজ্জামান।
এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের হুইপের একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের একান্ত সচিব মো. রেজাউল আলম, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর একান্ত সচিব মো. আল মামুন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের একান্ত সচিব মোহাম্মদ গোলাম কিবরীয়া, জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর একান্ত সচিব মো. আব্দুল মালেক এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর একান্ত সচিব মোহাম্মদ শাহজালাল যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।