
নোয়াখালী-১ আসনে ধানের শীষের ঝড়: মাহাবুব উদ্দিন খোকনের বিশাল জয়
নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনে ধানের শীষের প্রার্থী মাহাবুব উদ্দিন খোকন এক লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে বর্ণাঢ্য বিজয় অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ছাইফ উল্যাহ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট। ফলে ২৮ হাজার ৭৯৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন খোকন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই চাটখিল ও সোনাইমুড়ীজুড়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকরা। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মাহাবুব উদ্দিন খোকন (ধানের শীষ): ১,২৬,৮৩৩ ভোট, মো. ছাইফ উল্যাহ (দাঁড়িপাল্লা): ৯৮,০৩৬ ভোট, ভোটের ব্যবধান: ২৮,৭৯৭ ভোট।
স্থানীয় সূত্র জানায়, শুরু থেকেই নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে ছিলেন মাহাবুব উদ্দিন খোকন। তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ, পথসভা ও কৌশলগত প্রচারণা তার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অন্যদিকে জামায়াতের প্রার্থী মো. ছাইফ উল্যাহও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ ফলাফল নিশ্চিত করা হয়েছে।
বিজয়ী প্রার্থী মাহাবুব উদ্দিন খোকন বলেন, “এ বিজয় চাটখিল-সোনাইমুড়ীর সর্বস্তরের জনগণের। আমি তাদের প্রত্যাশা পূরণে কাজ করবো এবং এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।”
রাজনৈতিক মহল মনে করছে, নোয়াখালী-১ আসনের এই ফলাফল আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
![]()









