নির্ধারিত সময়েও শেষ হয়নি বাঁধের কাজ:
বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের নির্ধারিত মেয়াদ পেরিয়ে গেলেও বাঁধের কাজ এখনও সম্পন্ন হয়নি। বাঁধের কাজ ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি মেয়াদের শেষদিন পর্যন্ত ৭৮ ভাগ কাজ শেষ হয়েছে দাবি করে আরও ১৫ দিন সময় বাড়ানো হয়েছে। ‘বর্ধিত সময়েও বেশিরভাগ বাঁধে কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে বোরো ফসল ঘরে তোলা নিয়ে আশঙ্কায় রয়েছেন কৃষকরা।’
এ বছর জেলায় প্রায় পাঁচ হাজার কোটি টাকার বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিবছরই অকাল বন্যা ও পাহাড়ি ঢলের ঝুঁকিতে থাকে বোরো ফসল। এই দুর্যোগ মোকাবেলায় প্রতিবছরই হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসির মাধ্যমে এবারও ১৪৮ কোটি টাকা ব্যয়ে হচ্ছে ফসলরক্ষা বাঁধ। তবে নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঘরে ফসল তোলা নিয়ে অনিশ্চয়তা ও শঙ্কা থেকেই যায়।
সরেজিন দেখা যায়, সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় একটি বাঁধের কাজও পুরোপুরিভাবে শেষ হয়নি। অধিকাংশ বাঁধের কম্পেকশন, ঘাস লাগানোসহ অন্যান্য সকল কাজ বাকি।
শাল্লার উপজেলার আঙ্গাউরা গ্রামের কৃষকরা জানান, আমাদের বড় হাওর রক্ষাবাঁধ ‘বৈজ্যাখালী’।ঘুঙ্গিয়ারগাঁও ব্রিজ থেকে শারপিন স্কুল পর্যন্ত এই বাঁধের কাজ এখনো শেষ হয়নি। কাজের ধীরগতি থাকলে এক মাসেও শেষ হবে না। দাঁড়াইন নদীর পানি এসে ছায়ার হাওরের ফসল ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে।
এছাড়াও,‘মিলন বাজার থেকে শাল্লা উপজেলা সদর পর্যন্ত স্থায়ী বাঁধের কাজও সম্পূর্ণ হয়নি। কয়েকদিন বৃষ্টিপাত হলে ওই বাঁধ দিয়ে পানি ঢুকার আশঙ্কা আছে।’
জেলায় এবছর বোরো ফসল রক্ষায় ৫৩ টি হাওরে ১৪৮ কোটি টাকা ব্যয়ে চলছে ৭১৮টি প্রকল্পে অস্থায়ী বাঁধের কাজ। এরমধ্যে ক্লোজার (বড় ভাঙন) আছে ১১০ টি। শনিবার পর্যন্ত ৭৮ ভাগ কাজ শেষ হয়েছে দাবি করেছেন পাউবো কর্মকর্তারা। টাকা বরাদ্দ হয়েছে ৪৭ কোটি, দুয়েক দিনের মধ্যে আরও ২০ কোটি টাকা পাওয়া যাবে বলে জানিয়েছেন পাউবো সংশ্লিষ্টরা।
বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছবাব মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, পিআইসি’র লোকজন কোন কোন এলাকায় টাকার সংকটেও ভুগছেন। টাকা সময়মত না পাওয়ায় অনেকেই কাজও শেষ করতে পারছেন না।তিনি আরও জানান, কম্পেকশন, কার্পেটিং, ঘাস লাগানোসহ অন্যান্য আনুসাঙ্গিক কাজ অনেক বাঁধে এখনো বাকি আছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সাংবাদিকদের জানান, এবছর নির্বাচনের কারণে বাঁধের কাজে একটু দেরি হয়েছে। এজন্য কাজের সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। এই ১৫ দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ১২ উপজেলায় এবার দুই লাখ ৩০ হাজার ৫০৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে। উৎপাদন হবে ১৪ লাখ মেট্রিক টন ধান। যার মূল্য পাঁচ হাজার ২৮ কোটি টাকা।