নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের ভোটে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপি তা মেনে নেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার হলে কাকে পুরস্কৃত করবে, কাকে প্রধানমন্ত্রী করবে- তা ঠিক করবে জনগণ। খালেদা জিয়া, তারেক রহমান নাকি অন্য কেউ প্রধানমন্ত্রী হবেন- এটা ঠিক করবে জনগণ। জনগণ যদি আপনাকেও (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী হিসেবে বসায় আমরা মেনে নেবো।
গতকাল ২৭ আগস্ট বিকেলে ডিআরইউতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। জাসাস সদস্য সচিব জাকির হোসেন রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জল প্রমুখ।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এজন্য সংসদ বিলুপ্ত ও সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে।
বিগত ওয়ান-ইলেভেন সরকারের সময় জিয়া পরিবারের বিরুদ্ধে নানা দুর্নীতির আষাঢ়ে গল্প প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভাড়া বাসায় থাকেন। তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাড়ির ঠিকানা কোথায়? কিন্তু ওয়ান-ইলেভেনে কত আষাঢ়ে গল্প প্রকাশ করা হয়েছিল। তা এমনভাবে গণমাধ্যম প্রকাশ করেছিল যে মানুষও তখন অনেকটা বিশ্বাস করেছিল। আস্তে আস্তে মানুষের মন থেকে তা কেটে গেছে। তারেক রহমানের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারেনি।