নিখোঁজ ছিলো ২ দিন, অতপর ধানক্ষেতে মিললো বৃদ্ধার মরদেহ
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ধানক্ষেত থেকে সামছুন্নাহার (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৪ অক্টোবর, ২০২৩ মঙ্গলবার থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
২৬ অক্টোবর, ২০২৩ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ১৬ নং শাহেরখালী ইউনিয়নের কাজির তালুক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারকৃত সামছুন্নাহার ওই গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী।
স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও এলাকার লোকজন সূত্রে জানা যায়, আজ ২৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় কৃষকরা কাজে গিয়ে ধানক্ষেতের মধ্যে একটি মহিলার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে জানানোর পর বেলা সোয়া ১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, পুলিশ বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে। ওই নারী আমার দায়িত্বাধীন স্থানীয় শাহেরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের বাসিন্দা।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সামছুন্নাহারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।