নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীদের দানে রাজারহাটে মানবিক উদ্যোগ ইউএনও তানজিলা তাসনিমের তদারকিতে সহায়তা পাচ্ছে পাঁচ পরিবার
কুড়িগ্রামের রাজারহাটে ৫ টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও সিলেটভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেলপিং দ্য নিডি’। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের উদ্যোগে শনিবার (৭ নভেম্বর ২০২৬) এসব পরিবার পরিদর্শন করা হয় এবং তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
জানা যায়, একাধিকবার প্রতিবেদন প্রকাশের পরও বিষয়টি সংশ্লিষ্টদের তেমনভাবে নজরে না আসায় সম্প্রতি নতুন করে দৈনিক ডেসটিনি পএিকার প্রতিনিধি রতন রায় - বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরেন । এরপর রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়গুলো সরেজমিনে দেখার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় শনিবার তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অসহায় পরিবারগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিলেটভিত্তিক ‘হেলপিং দ্য নিডি’ সংগঠনের প্রবাসী ও দানশীল ব্যক্তিরা ভিডিও কলে অসহায়দের অবস্থা দেখেন এবং তাৎক্ষণিকভাবে অনুদান পাঠানোর ব্যবস্থা করেন। তাঁরা গোপন দানে বিশ্বাসী; নাম প্রকাশ না করার শর্তে সহায়তা করেন। সংগঠনটি বাস্তবায়নের ক্ষেত্রে ইউএনওকে সহযোগিতা করবে বলে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে স্পষ্ট করা হয়েছে, এসব সহায়তা সরকারিভাবে নয়; ইউএনও তানজিলা তাসনিমের জন্মভূমি সিলেটের সংগঠন ‘হেলপিং দ্য নিডি’ এবং নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী ও দানশীল ব্যক্তিদের অনুদানে এসব কার্যক্রম বাস্তবায়িত হবে।
পরিদর্শনকালে রাজারহাট সদর ইউনিয়নের দেবিচরণ কালীরপাঠ ছাটমল্লিকবেগ-সওদাগর পাড়ার অসহায় "সাহেব আলীর' জন্য ঘর নির্মাণ, সওদাগর পাড়ার বৃদ্ধা 'আমরন বেওয়ার' জন্য ঘর নির্মাণ, বোতলারপাড় গ্রামের অসহায় বৃদ্ধ 'নওদা মিয়াকে' চিকিৎসা সহায়তা, সওদাগর পাড়ার আরেক বৃদ্ধা মহিলাকে খাদ্য ও বস্ত্র সহায়তা, একই গ্রামের আরেক মহিলার চিকিৎসায় পরামর্শ ও সহায়তা এবং বোতলারপাড়ের মঞ্জিল মিয়াকে দোকান দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। সংশ্লিষ্টরা জানান, ‘হেলপিং দ্য নিডি’ ইতোমধ্যে অর্থ পাঠিয়েছে; চলতি সপ্তাহেই এসব কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বাস্তবায়ন শেষে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
এমন মানবিক উদ্যোগের জন্য রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে সিলেটভিত্তিক ‘হেলপিং দ্য নিডি’ সংগঠন এবং নাম প্রকাশে অনিচ্ছুক সব প্রবাসী ও দানশীল ব্যক্তির প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা হয়েছে।
মানুষ মানুষের জন্য এমন মানবিক উদ্যোগই অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।