নাচের মাধ্যমেই সহজে মনের আবেগকে তুলে ধরার গুরুত্ব থেকে আন্তর্জাতিক নৃত্য দিবসটি সারাবিশ্বে উদযাপন করা হয়
- মধু চৌধুরী
সব সংস্কৃতির আদি জননী হচ্ছে নাচ বা নৃত্য। নাচ সাংস্কৃতিক শিক্ষার অন্যতম মাধ্যম। ফলে গবেষণা ও শিক্ষার উপাদান হিসেবে সারা বিশ্বেই নাচের জনপ্রিয়তা রয়েছে। নাচ মানুষের মেধা ও মননকে বিকশিত করে। নাচে দেহভঙ্গিমার মাধ্যমে শৈল্পিকভাবে পার্থিব ও অপার্থিব সব ভাবকে মানুষ প্রকাশের সুযোগ পায়। এ প্রকাশভঙ্গিতে থাকে গতি ও ছন্দ। সেই গতি ও ছন্দের তালে তালে ফুটে ওঠে প্রেম, ভালোবাসা, রাগ, অনুরাগ, প্রতিবাদ। সমাজ কিংবা গল্প-ইতিহাসের কথাও নাচের মাধ্যমে উঠে আসে। নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা যায় জীবনের কথা, চাওয়া-পাওয়া বা না-পাওয়ার কথা। সব মিলিয়ে নাচ শুধু বিনোদনমাত্র নয়, নাচ জীবনের প্রতিবিম্বও। নৃত্যের সৌন্দর্য্য ও এর অন্তর্নিহিত শক্তিকে যারা বুঝতে পেরেছেন-ভালোবেসেছেন, তাদের সবার জন্য আন্তর্জাতিক নৃত্য দিবসকে সামনে রেখে ২৯ এপ্রিল ২০২৪ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের নিবেদিত সৃজনশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের উদ্যোগে ২৫ এপ্রিল ২০২৪ সকাল ১০টায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল আলামিন ভবন (২য় তলা) নৃত্যশিল্পীদের সমন্বয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজা'র গ্রন্থনায় ও পরিকল্পনায়, অর্থ সম্পাদক সুভাষ দেবনাথ'র শিল্প নির্দেশনায় চারদিনব্যাপী নৃত্য কর্মশালা প্রশিক্ষণ উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরী। এ নৃত্য কর্মশালা প্রশিক্ষণ চলবে আগামী ২৮ এপ্রিল ২০২৪ পর্যন্ত। নৃত্য কর্মশালা প্রশিক্ষণ শেষে ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে চিটাগাং হলি পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নৃত্যশিল্পীদের নৃত্য উৎসবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের বর্ণাঢ্য অনুষ্ঠান দেখা যাবে।