
নরসিংদীর পলাশে ডাব পাড়া নিয়ে বিরোধে যুবক খুন
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিবপুর গ্রামে ডাব পাড়া নিয়ে পূর্ব বিরোধের জেরে মামুন মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া একই গ্রামের মৃত মোমেন মিয়ার ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে প্রতিবেশী ইসমাইলের ছেলে আজিজুল ইসলাম নিজের বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে মামুনকে দিয়ে ডাব পাড়ান। এ সময় কিছু ডাব মামুন নিজের বাড়তে নিয়ে গেলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এ ঘটনার পর গতকাল স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হলেও তা মেনে নিতে রাজি ছিলেন না আজিজুল ইসলাম। শুক্রবার সকালে তিনি মামুনকে বাড়ি থেকে ডেকে নেন। পরে আজিজুল ইসলাম, তার ভাই হযরত আলী সহ পরিবারের অন্যান্য সদস্যরা ধারালো অস্ত্র যেমন দা ও চাপাটি দিয়ে মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদাল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
![]()









