নদীপথে ইয়াবা পাচারকালে উখিয়া ৬৪ বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী নদীপথ দিয়ে পাচারের সময় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির ধাওয়া ও ফাঁকা গুলির মুখে চোরাকারবারীরা ইয়াবাভর্তি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।শুক্রবার (৩১ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, একই দিন রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবুনিয়া পুরাতন বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪ থেকে ৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে তারা ইয়াবাভর্তি একটি ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতরে খাকী রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী ১১টি প্যাকেটে মোট ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।
অভিযানের পর আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। একই সঙ্গে পলাতক চোরাকারবারীদের আটকে চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, "মাদক সরবরাহকারী এবং এ চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।