নকল নথিসহ পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে গ্রেফতার ১৪ জন বাংলাদেশি
ভোটের প্রাক্কালে অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা। বুধবার (১ এপ্রিল ) রাতে জলপাইগুড়িতে নাকা তল্লাশি চালিয়ে ১৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। জলপাইগুড়ি রোড স্টেশনে কামাক্ষ্যা থেকে দিল্লিগামী নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৪ জন শিশু রয়েছে। ধৃত পুরুষ ও মহিলাদের কাছ থেকে নকল আধার কার্ড, প্যান কার্ড, ভারতীয় সিম, একাধিক মোবাইল ফোন এবং মালয়েশিয়ার মুদ্রা উদ্ধার করেছে আরপিএফ। রেল পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে ধৃতদের জেরা করে জানা গেছে, জাল নথি ব্যবহার করে আসাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। কীভাবে, কোন পথে, কী উদ্দেশে তাদের ভারতে প্রবেশ এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার চেষ্টা, জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। বিশেষ করে ভোটের মুখে যেখানে সীমান্ত সুরক্ষা চূড়ান্ত হওয়ার কথা, সেখানে কীভাবে এতজন মিলে ভারতে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।