নওগাঁ সোনালী ফাউন্ডেশনের এমআরএ সনদ নামঞ্জুর:
মাঠপর্যায়ে আটকে আছে কোটি টাকা, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা
নওগাঁর মান্দায় ‘নওগাঁ সোনালী ফাউন্ডেশন’ নামের একটি ক্ষুদ্রঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সাময়িক অনুমোদন বাতিল ও চূড়ান্ত সনদ প্রাপ্তির আবেদন নামঞ্জুর করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)। তবে কর্তৃপক্ষের কোনো ধরনের পূর্ব নোটিশ বা সতর্কতামূলক চিঠি ছাড়াই হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ায় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে প্রতিষ্ঠানটি। এতে মাঠপর্যায়ে তাদের ১ কোটি ৭ লাখ টাকা ঋণ হিসেবে আটকে গেছে, যার বিপরীতে গ্রাহকদের সঞ্চয় রয়েছে মাত্র ১৭ লাখ টাকা। উদ্ভুত এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানের কোটি টাকা আদায় হওয়া নিয়ে যেমন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, তেমনি চাকরি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।
ভুক্তভোগী প্রতিষ্ঠান ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের মার্চ মাসে এমআরএ-র নিয়ম অনুযায়ী ৩০ লক্ষ টাকা ব্যাংক চালানের মাধ্যমে জমা দিয়ে নিবন্ধনের আবেদন করে ‘নওগাঁ সোনালী ফাউন্ডেশন’। আবেদনের প্রায় দুই বছর পর এমআরএ কর্মকর্তারা সরেজমিনে প্রতিষ্ঠানটি পরিদর্শন ও যাবতীয় তথ্য যাচাই-বাছাই করে সন্তোষজনক রিপোর্ট দেন। এরই প্রেক্ষিতে ২০২২ সালের ২১ ডিসেম্বর প্রতিষ্ঠানটিকে তিন বছরের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার সাময়িক অনুমোদন দেওয়া হয় এবং ২০২৩ সাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে মাঠপর্যায়ে ঋণ কার্যক্রম শুরু করে।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো:রোস্তম আলী অভিযোগ করে জানান, গত ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এমআরএ-র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদে রদবদল আসে। নতুন দায়িত্ব নেওয়া কর্মকর্তা যোগদানের পর থেকেই বিভিন্ন ফোরামে মন্তব্য করতে থাকেন যে, “দেশে এত এনজিওর প্রয়োজন নেই।” তার যুক্তি— দেশের ৯০টি ব্যাংকই ৯০ শতাংশ ঋণ বিতরণ করে থাকে, আর বাকি ৭৩৬টি অনুমোদিত এনজিও বিতরণ করে নামমাত্র ঋণ।
নির্বাহী পরিচালকের দাবি, এই নীতিগত অবস্থানের অংশ হিসেবেই কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই গত ৩০ জুন ২০২৬ তারিখে রাজশাহী অঞ্চলের এমআরএ কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে হঠাৎ একজন ফোন করেন। ফোনে লোকেশন জানার মাত্র চার মিনিটের মাথায় তারা অফিসে এসে উপস্থিত হন। অফিসে ঢুকেই তারা নথিপত্র এবং কম্পিউটার যাচাই-বাছাই শুরু করেন এবং সার্ভিস চার্জের হার, সদস্য কল্যাণ তহবিল ও আগাম পরিশোধের নিয়ম নিয়ে একের পর এক প্রশ্ন করেন। সেখানে কোনো ধরনের বড় অসঙ্গতি না পেলেও তারা ফিরে গিয়ে কোনো সতর্কতামূলক চিঠি না দিয়েই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবেদন নামঞ্জুরের চিঠি ইস্যু করেন।
এমআরএ-র যুগ্ম পরিচালক ড. লাকী পারভীন স্বাক্ষরিত ৩০ জুন ২০২৬ তারিখের ওই পত্রে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের সাময়িক অনুমোদন পাওয়ার পূর্ব থেকেই অবৈধ ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা, নিয়মবহির্ভূতভাবে মেয়াদি আমানত গ্রহণ, নগদ অর্থ গ্রহণ এবং লোকসানে থাকার কারণে গ্রাহক স্বার্থ বিবেচনা করে প্রতিষ্ঠানটির সনদ নামঞ্জুর করা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে গ্রাহকদের সঞ্চয় ফেরত দিয়ে কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
সোনালী ফাউন্ডেশন কর্তৃপক্ষের দাবি, রহস্যজনকভাবে এই অফিসিয়াল চিঠিটি সরাসরি বা ইমেইলে তাদের কাছে পাঠানো হয়নি। কিন্তু গত ১৩ জুলাই দুপুর ২টা ১৫ মিনিটে ‘ডিস্ট্রিক্ট পুলিশ নওগাঁ’র অফিশিয়াল ফেসবুক পেজে চিঠিটি পোস্ট করা হলে বিষয়টি জানাজানি হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফোনের মাধ্যমে তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি প্রকাশ করায় প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি তাদের।
নির্বাহী পরিচালক মো:রোস্তম আলী আক্ষেপ করে বলেন,”আমাদের ১ কোটি ৭ লাখ টাকা বর্তমানে ফিল্ডে ঋণ হিসেবে দেওয়া আছে। বিপরীতে গ্রাহকদের সঞ্চয় মাত্র ১৭ লাখ টাকা। এই অবস্থায় এমআরএ-র এমন বিভ্রান্তিকর সিদ্ধান্তের কারণে গ্রাহকেরা ঋণ পরিশোধ করতে চাচ্ছেন না। আমরা চরম আর্থিক সংকটের মুখে পড়েছি।”
এই সংকটের সমাধান এবং প্রাতিষ্ঠানিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ভুক্তভোগী কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে সমমনা অন্যান্য ভুক্তভোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে মানববন্ধন ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে সোনালী ফাউন্ডেশন সূত্র নিশ্চিত করেছে।