
নওগাঁয় শব্দদূষণের দায়ে ৫ চালককে জরিমানা, হাইড্রোলিক হর্ন ধ্বংস
নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পরিচালিত এই অভিযানে অননুমোদিত ও উচ্চমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫টি পরিবহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত হাইড্রোলিক হর্নগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে অনুমোদিত মানমাত্রার চেয়ে অতিরিক্ত ও ক্ষতিকর হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে সড়ক পরিবহন আইনে ৫টি পরিবহনের চালকের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালীন শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে চালক, যাত্রী ও সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন যানবাহনের শরীরে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ ও শব্দদূষণ রোধে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
![]()









