নওগাঁয় খ্রিস্টান ধর্ম ছেড়ে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ
নওগাঁর ধামইরহাট উপজেলায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে একই পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নিজেদের ধর্মীয় বিশ্বাস ও স্বাধীন সিদ্ধান্তের ভিত্তিতে তাঁরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে নওগাঁ জেলা আদালতে এফিডেভিটের মাধ্যমে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কালেমা শাহাদাত পাঠ করেন তাঁরা।
ইসলাম গ্রহণকারীরা হলেন,ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার আদিবাসী পল্লির বাসিন্দা মো. আবু মুছা, তাঁর স্ত্রী মোসা. ফাতেমা বিবি এবং তাঁদের তিন সন্তান মো. হাসান, মো. হুসাইন ও মোসা. আমেনা। ইসলাম গ্রহণের আগে তাঁদের নাম ছিল পিউস মর্মু, মগদালিনা সরেন, আন্তনি মর্মু, ফূলমনি আন্না ও পিত্তর মর্মু।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর পরিবারের সদস্যদের মধ্যে এ ধর্মের প্রতি আগ্রহ তৈরি হয়। পরে ইসলামের ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও জীবনব্যবস্থা সম্পর্কে জানার পর একপর্যায়ে নিজেদের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন তাঁরা।
গত বুধবার বিকেলে নওগাঁ জেলা আদালতে এফিডেভিট সম্পাদনের পর স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাঁরা কালেমা শাহাদাত পাঠ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের বিধি-বিধান মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন পরিবারের সদস্যরা।
মোসা. ফাতেমা বিবি বলেন, ‘নিজেদের স্বাধীন সিদ্ধান্ত ও বিশ্বাস থেকেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম সম্পর্কে জানার পর আমরা এ ধর্মের প্রতি আকৃষ্ট হই। সবকিছু জেনে-বুঝেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনগুলোতে সমাজের মুসলিম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে একত্রে বসবাস করতে চাই।’