ধর্ম যার যার, রাষ্ট্র সবার—প্রধানমন্ত্রীর ঘোষণাই সম্প্রীতির ভিত্তি: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার"—মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জাতীয় ঐক্যের ভিত্তিভূমি। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে বাংলাদেশি পরিচয়ই আমাদের সর্বজনীন পরিচয়।
শুক্রবার (৩১ জুলাই) সকালে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কিছু গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থে ব্যবহার করে সমাজে বিভাজন, বিদ্বেষ ও অস্থিরতা সৃষ্টি করতে চায়। এ ধরনের অপতৎপরতা ধর্মের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতিকেও দুর্বল করে।
তিনি আরও বলেন, ধর্ম কখনো বিভাজনের শিক্ষা দেয় না; সব ধর্মই মানবতা, শান্তি, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয়। ধর্মের নামে বিদ্বেষ, জঙ্গিবাদ ও উগ্রবাদ ছড়ানো প্রকৃত ধর্মীয় আদর্শের পরিপন্থী।
জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি রক্ষায় দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাহাড়, সমতল, ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে বিভাজনের রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই। প্রত্যক্ষ বা পরোক্ষ সব ধরনের ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি সমান শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য প্রদর্শন করবেন। এটাই বাংলাদেশের ঐতিহ্য এবং জাতীয় সংস্কৃতি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল চন্দ্র মুখার্জী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা এবং বরিশাল জেলা শাখার সভাপতি শ্রী মানিক মুখার্জী কুডু। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।