দেশের ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে দ্বন্দ্ব চলছে। আর্থিক নানা বিষয় নিয়ে ট্রাস্টির সদস্যদের মধ্যে এই দ্বন্দ্ব ইউজিসির হস্তক্ষেপেও সমাধান হচ্ছে না। এরই মধ্যে দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা ও আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি বন্ধের সুপারিশ করেছে মঞ্জুরি কমিশন।
দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৩টি। এর বেশিরভাগের বিরুদ্ধেই আছে নানা অনিয়মের অভিযোগ।
কুমিল্লার ব্রিটানিয়া ইউনিভার্সিটি। ২০১২ সালে চালুর পর থেকেই বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। দীর্ঘদিন ধরে ট্রাস্টিবোর্ডের মধ্যে চলছে সমস্যা। ফলে, বিপাকে শিক্ষার্থীরা।
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরজিত সর্ববিদ্যা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এসব সমস্যার কারণে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে এটা সত্য। তবে এগুলো কাটিয়ে উঠার চেষ্টা চলছে’।
একই অবস্থা আরও ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এগুলো হলো- মানিকগঞ্জের এনপিআই, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা, ব্রিটানিয়া, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি।
ইউজিসি সচিব ফেরদৌস জামান বলেন, ‘এসব বিশ্ববিদ্যালয়ে আরও অনেক অনিয়ম আছে। এসব বিষয়ে তদন্ত হচ্ছে। আমরা বিভিন্ন সময় অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিয়েছি’।
ইউজিসি বলছে, বারবার চেষ্টা করেও এসব বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের বিরুদ্ধে অভিযোগ সমাধান করা যায়নি। এছাড়া আর্থিক অনিয়মের কারণে ইউনিভার্সিটি অফ কুমিল্লা এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির কার্যক্রম বন্ধের সুপারিশ করেছে কমিশন।
‘আইন না মেনে কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারবে না। আমরা এসব অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছি’- বলেন ইউজিসি সচিব।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে, আইন না মানলে ইউজিসি ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে সমিতির সমর্থন আছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘কোনো বিশ্ববিদ্যালয় যদি দীর্ঘদিন অনিয়মের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে ইউজিসি ব্যবস্থা নেবে। তবে অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত’। চট্টগ্রামের
সাউদার্ন এবং সিলেটের লিডিং ইউনিভার্সিটির আর্থিক অনিয়ম নিয়েও তদন্ত চালাচ্ছে ইউজিসি।