- - -

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে না পারলে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন হবে

Print News

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে না পারলে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন হবে

 

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে না পারলে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন হবে –  বাজেট প্রতিক্রিয়ায় ড. সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট গত ৬জুন, ২০২৪ জাতীয় সংসদে উপস্থাপিত হয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান ড. সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেন,”বাজেটে ইতিবাচক অনেক দিক যেমন রয়েছে, তেমনি অনেক বিষয়ে আমরা সরকারকে পুনর্বিবেচনার কথা বলছি। বাংলাদেশ এখন অর্থনীতির বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, ডলার সংকট, রেমিট্যান্স ও বিনিয়োগে আশানুরূপ সাফল্য না আসা, খেলাপি ঋণ, ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা, অর্থপাচার, রাজস্ব আয়ে ঘাটতিসহ আরো অনেক বিষয় মোকাবেলা করতে হচ্ছে। তাই বাজেটে এ চ্যালেঞ্জগুলো মোকাবেলায় পদক্ষেপ নেয়া জরুরি ছিলো। আমরা দেখেছি বিভিন্ন খাদ্যপণ্যসহ ৩০টি অত্যাবশ্যকীয় পণ্যে উৎসে কর ২% থেকে ১% করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছুটা ব্যয় কমানো প্রয়োজন ছিলো বলেই বাজেটের আকার খুব বেশি বড় করা হয়নি গত বছরের থেকে। করমুক্ত আয়সীমাও অপরিবর্তিত রয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে প্রায় ১০ লাখ মানুষকে যুক্ত করা হচ্ছে। জিডিপির অনুপাতে, বাজেটের ঘাটতিও গত বছরের তুলনায় কম। কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য অত্যাবশ্যকীয় সরঞ্জামে শুল্ক ১০% থেকে কমিয়ে মাত্র ১% করা হয়েছে। এতে কিডনী রোগীদের চিকিৎসার খরচ কমে আসবে। সংসদ সদস্যদের জন্য বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা বাতিল করে ২৫% শুল্ক এবং ১৫% ভ্যাট আরোপ করা হয়েছে। পাশাপাশি আয়করের ক্ষেত্রে ৩৮ লাখ ৫০ হাজার টাকার বেশি যাদের, তাদের জন্য ৩০% কর প্রস্তাব করা হয়েছে। এসব বিষয় ইতিবাচক।

কিন্তু কিছু বিষয় আমরা পুনর্বিবেচনার আহবান জানাবো। যেমন কালো টাকা সাদা করার সুযোগ দেয়া আমাদের আইনের শাসন ও গণতান্ত্রিক নীতির পরিপন্থী। যেখানে বৈধ পথে সর্বোচ্চ আয়কর ৩০%, পাশাপাশি বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয় ; সেখানে অপ্রদর্শিত আয় বৈধ করতে কর ধার্য করা হয়েছে মাত্র ১৫% এবং তাও কোন জবাবদিহির আওতামুক্ত করে।
আমরা যদি দুর্নীতি ও অসাধুদের এরকম সুযোগ দেই, তবে বৈধ পথে উপার্জনকারীরা নিরুৎসাহিত হবে এবং দুর্নীতি আরো বাড়বে। এছাড়া অতীতেও এমন অনেক সুযোগ দেয়া হলেও উল্লেখযোগ্য সফলতা দেখা যায়নি। এগুলো দীর্ঘমেয়াদী বা টেকসই সমাধান নয় ; আমাদেরকে অবশ্যই দুর্নীতির বিরূদ্ধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে।

ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আরো বলেন,”দেশে খেলাপি ঋণ ১ লাখ ৪৫ হাজার কোটি টাকারও বেশি। যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটেগ্রিটির মতে দেশ থেকে প্রতিবছর গড়ে প্রায় ৬৪০০০ কোটি টাকা পাচার হয়। রাজস্ব আয়েও আমরা পিছিয়ে। ট্যাক্স-জিডিপি অনুপাতে দক্ষিণ এশিয়ায় আমরা সবার পেছনে। এখানে জিডিপির তুলনায় কর আহরণের হার মাত্র ৭.৮ শতাংশ। ১ কোটির বেশি টিন আইডি হোল্ডার থাকলেও রিটার্ন জমা দেন ৪০ লাখের কম। অনেকেই কর প্রদান করেন না। রেমিট্যান্সের ২০ বিলিয়ন ডলারের বেশি আসে অবৈধ পথে। এসব বিষয় মূল্যস্ফীতি, ডলার সংকট, বৈদেশিক ঋণের চাপসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ সন্তোষজনক নয়। এলডিসি উত্তরণ, এসডিজি বাস্তবায়ন, চতুর্থ শিল্পবিপ্লব ও ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা আদায়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানবসম্পদ উন্নয়নই উত্তম বিনিয়োগ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে এখন থেকে বরাদ্দ না বাড়ালে অদূর ভবিষ্যতে আমরা বড় চ্যালেঞ্জের মুখে পড়বো। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির মাত্র ১.৬৯% এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ ০.৭৪%। অথচ উন্নয়নশীল দেশ হিসেবে শিক্ষা খাতে ৪-৬% এবং স্বাস্থ্য খাতে অন্তত ২% বরাদ্দ প্রয়োজন। উন্নয়ন অগ্রযাত্রার জন্য মেগাপ্রজেক্ট গুরুত্বপূর্ণ। তবে সময়মতো প্রজেক্ট বাস্তবায়ন না হলে ব্যয় ও ঋণ পরিশোধের চাপ বাড়বে।”

তিনি বলেন,”দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে কোন নীতিই দেশ ও জনগণের জন্য সুফল বয়ে আনতে পারবে না। আর অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হলে, বিদেশি অপশক্তি তাদের ভূরাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের সুযোগ পাবে এবং অযাচিত হস্তক্ষেপ করবে।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa