দিল্লি পুলিশের জালে ২৪ ঘন্টায় গ্রেফতার ৫৮৬ জন
দুস্কৃতীদের বিরুদ্ধে ভারতের রাজধানী দিল্লিতে বড়সড় অভিযান পরিচালনা করল পুলিশ। অপারেশন কবচ ১২. ০ আওতায় এই অভিযান চালানো হয়। আর এই অভিযানে গত ২৪ ঘন্টায় ৫৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, ১৪২৯ জনকে নিজেদের হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। পাশাপাশি একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে রাজধানী। পুলিশ সূত্রে প্রকাশ, ২৬ জানুয়ারি দিল্লির নিরাপত্তায় মোতায়েন থাকবে ৩০ হাজারের ও বেশি পুলিশ এবং ৭০ কোম্পানির বেশি আধাসেনা। শুধু তাই নয়, অপরাধীদের ধরতে পুলিশের চোখে থাকবে আধুনিক ক্যামেরা। যা চিনিয়ে দেবে অপরাধীদের বা চিহ্নিত করে দেবে সন্দেহভাজনদের। এমন চশমা পরে সাধারণতন্ত্র দিবসে দিল্লির পাহারায় থাকবেন নিরাপত্তারক্ষীরা। এছাড়াও গোটা দিল্লিকেই উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এর মধ্যে দুস্কৃতী রুখতে বড়সড় পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ।