দিদি নং-১ রুটি বেলে দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দু’দিন আগেই এই খবরে চতুর্দিকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল৷ বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় শো ‘দিদি নং-১’-এ আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পূর্ব ঘোষণা মতোই আজ, বুধবার হয়ে গেল ‘দিদি নং-১’-এর স্পেশাল সেই এপিসোডের শ্যুটিং৷ যাতে উপস্থিত রইলেন বাংলার মুখ্যমন্ত্রী৷
জানা দিয়েছে, মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সাথেই শো-য়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় একদিন নবান্নে পৌঁছে গিয়েছিলেন। সেখানেই তিনি দিদি নং-১ এর অনুষ্ঠানে আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন।
সেই আমন্ত্রণে সাড়া দিয়েই রচনার বন্দ্যোপাধ্যায়ের এদিন এই অনুষ্ঠানের সেটে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলা স্টেডিয়ামে হয় শ্যুটিং। এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী বাংলার কোনও রিয়েলিটি শো’তে হাজির হলেন। জানা গিয়েছে, স্পেশাল এই এপিসোড জুড়ে দেওয়া হয়েছিল আদিবাসী নৃত্য। অনুষ্ঠানে নিজের জীবনকাহিনী, তাঁর লড়াইয়ের কাহিনী শোনান মমতা।
ঘটনাচক্রে, আজ মমতার পঞ্জাবে যাওয়ার কথা ছিল। কিন্তু কৃষক বিক্ষোভের কারণে মমতা সেই সফর আপাতত স্থগিত রেখেছেন। ফলে শেষমুহূর্তে কোনও জরুরি কাজ না-থাকলে মমতা ওই দিন শুটিংয়ে তিনি ছিলেন বলে সূত্রের খবর।
ওই রিয়্যালিটি শোয়ের এই স্পেশাল এপিসোডে বেশ কয়েকটি রাউন্ড রয়েছে বলে জানা গিয়েছে। সঠিক জবাবের জন্য উপহারও ছিল। বাংলার লোকগান এবং বাংলা আধুনিক গান গাওয়া হয়েছে। সেগুলি নিয়ে মজার প্রশ্নোত্তর ছিল। বস্তুত, ওই শোয়ের প্রথম রাউন্ডটিই হল ‘আমি বাংলায় গান গাই’।
দ্বিতীয় রাউন্ডটি হল ভোজনরসিক বাঙালির বাংলার খাওয়াদাওয়া নিয়ে। বাঙালির খাবার এবং খাওয়াদাওয়া নিয়ে প্রশ্নোত্তরের পাশাপাশি ফুচকা খাওয়ার বিষয় থাকছে। ময়দার লেচি বেলা এবং লুচি ভাজার প্রতিযোগিতাও ছিল বলে জানা গিয়েছে।
তৃতীয় রাউন্ডটি হয়েছে বাংলার খেলা, মেলা, পুজোপার্বণ নিয়ে। চতুর্থ রাউন্ডের নাম ‘দিদিরা দেবে গোল’। চতুর্থ রাউন্ডটি হল ‘বুদ্ধিমতী দিদি’ অথবা ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’। এই রাউন্ডটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শাড়ি, গয়না, রান্না, মিষ্টি, দেবদেবী, মন্দির, পর্যটনস্থল এবং মনীষীদের উপর ভিত্তি করে তৈরি। এই রাউন্ডে শব্দছক, ধাঁধা, শূন্যস্থানের মাধ্যমে সহজ প্রশ্নোত্তর ছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন, তিনি রুটিও বেলতে পারেন। শুধু তা-ই নয়, রুটি বেলাতে পারেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে দিয়েও। তবে বুধবার টেলিভিশন রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিংয়ে রুটি বেলা সংক্রান্ত প্রতিযোগিতায় অংশ নেননি মমতা। শোয়ের ওই বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। ওই শোয়ে প্রতিযোগীদের লুচির লেচি বেলা এবং ভাজার কথা ছিল। তবে অনেকেই নাকি লুচি ফুলকো করে ভাজা নিয়ে শঙ্কিত ছিলেন। অতএব লুচির বদলে মেনুতে রুটি নিয়ে আসা হয়।
মমতা অবশ্য আগেই শোয়ের সঞ্চালিকা অভিনেত্রী রচনাকে জানিয়ে দিয়েছিলেন, তিনি রুটি-টুটি বেলতে পারবেন না। তবে গাইবেন, নাচবেন, বাজাবেন, কবিতাও বলবেন। অতএব রুটি বেলা সংক্রান্ত প্রতিযোগিতায় অংশ নেন বাকি তিন প্রতিযোগী ডোনা এবং দুই গায়িকা অরুন্ধতী হোমচৌধুরী আর শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সেখানে ডোনার বেলা রুটিই গোলাকৃতিতে শ্রেষ্ঠ হয়েছে। তবে মমতা প্রতিযোগিতায় অংশ না-নিলে রচনা তাঁকে অনুরোধ করেছিলেন রুটি বেলতে। মমতা উল্টে রচনাকেই বলেন রুটি বেলে দেখাতে। সটান বলেন, ‘‘আগে তুমি রুটি বেলে দেখাও!’’ মুখ্যমন্ত্রীর অনুরোধ ফেলেননি রচনা। তার পরে মুখ্যমন্ত্রীও রুটি বেলে দেখিয়ে দিয়েছেন।
বস্তুত, জনপ্রিয় ওই রিয়্যালিটি শোয়ে ‘প্রতিযোগী’ নয়, ‘বিশেষ অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিযোগিতা হয় ডোনা-অরুন্ধতী-শ্রীরাধার মধ্যেই। শুটিং শেষের পর বেরিয়ে প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘‘খুব ভাল প্রোগ্রাম হয়েছে।’’
বেলা ১২টা নাগাদ ফ্লোরে পৌঁছন মমতা। ছিলেন প্রায় আড়াই ঘণ্টা। শুটিং শেষ করে দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে যোগ দিতে যান মুখ্যমন্ত্রী। গল্প, রসিকতা এবং আড্ডার মেজাজে শুট করেছেন মমতা। সময় পেলেই গল্প করেছেন ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘরনি ডোনা এবং অরুন্ধতী-শ্রীরাধার সঙ্গে।
‘দিদি নম্বর ওয়ানে’ বাংলার দিদি নম্বর ওয়ান, থাকছেন বাংলার দাদার ঘরনি! গান, প্রশ্ন, লুচিভাজায় খেলা হবে
মূলত রাজ্যের মহিলাদের ‘উজ্জীবিত’ করাই ছিল এই শোয়ের এই পর্বের উদ্দেশ্য। আশ্চর্য নয় যে, মুখ্যমন্ত্রী মমতাকে মহিলাদের কাছে ‘আদর্শ’ হিসাবে তুলে ধরা হয়েছে। শোয়ের অন্দরে মমতা কী কী করেছেন, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল দানা বেঁধেছে। উদ্যোক্তা সূত্রের খবর, তাঁর শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত যাত্রাপথের অভিজ্ঞতা শুনিয়েছেন মমতা। পাশাপাশি, তাঁর জীবনসংগ্রামের প্রসঙ্গও উঠে এসেছে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা জানান, রাজ্যে মহিলাদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প রয়েছে। তা নিয়ে নিজের অভিমত জানান তিনি। বিশেষ জোর দেন মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠীর উপর। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মহিলাদের এ সব স্বনির্ভর প্রকল্পে খুব সহজে ঋণ দিচ্ছে। অবসর সময় কী ভাবে কাটে জানতে চাওয়ায় মুখ্যমন্ত্রী রচনাকে জানান, মূলত ছবি এঁকে, গল্প ও কবিতা লিখে তাঁর অবসর কাটে। শোয়ে পলাশ ফুলের ছবিও আঁকেন মমতা। গান করেন। তাঁর লেখা এবং সুর-দেওয়া গান গেয়ে শোনান শ্রীরাধা। সূত্রের খবর, মমতার সঙ্গে-যাওয়া রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনও মমতার লেখা এবং সুর-করা একটি গান ওই শোয়ে গেয়েছেন।
প্রায় ১৫ বছর ধরে এই রিয়্যালিটি শো সঞ্চালনা করছেন রচনা। ২০১১ সালে মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে টলিপাড়ায় গুজব ছড়িয়েছে যে, রচনার শোয়ে যেতে পারেন মমতা। এত দিনে তা বাস্তবায়িত হয়েছে। প্রত্যাশিত ভাবেই রচনাও উচ্ছ্বসিত। বুধবার শুটিং ফ্লোরে ঢোকার আগে তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত যেটা কখনও হয়নি, এ বার সেটাই হতে চলেছে। আমি দিদির কাছে চিরকৃতজ্ঞ। এত বছর ধরে আমার শোয়ের যে সুনাম, সেটা দিদির উপস্থিতিতে পূর্ণতা পেল।’’