
দায়িত্ব অবহেলা ও আওয়ামী লীগ নেতাদের সাথে মুঠোফোনে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট বরখাস্ত
দায়িত্ব অবহেলা ও আওয়ামী লীগ নেতাদের সাথে মুঠোফোনে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর মোহাম্মদ মুজাহিদ নামে এক সার্জেন্টকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২২ নভেম্বর তাকে বরখাস্ত করা হয় বলে বিলম্বে প্রাপ্ত সংবাদ সূত্রে প্রকাশ।
বরখাস্তকৃত সার্জেন্ট মুজাহিদ এর গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
সূত্র জানায়, গত ১৮ নভেম্বর রাতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং মোড়ে পুলিশ বক্সে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সার্জেন্ট মোহাম্মদ মুজাহিদকে মামলার বাদী হতে বলা হলে তিনি তাতে রাজি হননি।
উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ করে দায়িত্ব অবহেলার এ ঘটনায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সার্জেন্ট মুজাহিদের মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলে আওয়ামী লীগ নেতাদের সাথে তার সংশ্লিষ্টতা থাকার অভিযোগ ওঠে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ সংবাদ মাধ্যম কে জানান, ‘দায়িত্ব অবহেলার কারণে মুজাহিদ নামে এক সার্জেন্টকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার মুঠোফোনের ফরেনসিকের বিষয়টি তিনি জানেন না বলে ও জানান’
গতকাল বুধবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির আহমেদ ভূঁইয়া সংবাদ মাধ্যম কে বলেন, ‘বিষয়টি আমাদের অভ্যন্তরীণ।’ সুতরাং, এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।
![]()









