দক্ষিণ ২৪ পরগনায় কোস্ট গার্ডের হাতে ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রেফতার
রাতের অন্ধকারে ফের ভারতীয় জলসীমায় ঢুকেছিল বাংলাদেশি মৎস্যজীবীরা। নজর এড়ায়নি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর। অনুপ্রবেশকারীদের ট্রলারকে তাড়া করে ঘিরে ফেলা হয়। পাকড়াও করা হল অনুপ্রবেশকারীদের। ফের ভারতীয় জলসীমায় ট্রলার সহ আটক ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী। রবিবার (১৫ ফেব্রুয়ারী ) রাতে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বঙ্গোপসাগরে ভারতীয় সীমান্তে ওই ঘটনা ঘটেছে। এদিন রাতে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় টহল দিচ্ছিলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা। টহলদারির সময় তাঁদের নজরে আসে ভারতের জলসীমার মধ্যে ঘোরাফেরা করা সন্দেহজনক একটি ট্রলার। ধাওয়া করে এফবি সাগর নামের ট্রলারটিকে আটকায় উপকূলরক্ষী বাহিনী। ট্রলারে থাকা ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীরা অধিকাংশই বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজার জেলার কুতুবদিয়ার বাসিন্দা। বাংলাদেশি ওই মৎস্যজীবীদের আটক করে সোমবার (১৬ ফেব্রুয়ারী ) সকালে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসে উপকূলরক্ষী বাহিনী। তাঁদের সকলকেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁদের গ্রেফতার করে কোস্টাল থানার পুলিশ। বর্তমানে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।