ত্রিপুরায় আসাম রাইফেলসের মাদকবিরোধী অভিযান, ৪২•৫ কোটি টাকার গাঁজা চাষ ধ্বংস
রবিবার (২৫ জানুয়ারি ) মাদক পাচার ও চাষের বিরুদ্ধে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। ত্রিপুরার বক্সনগর এলাকায় এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা চাষ ধ্বংস করা হয়েছে। বক্সনগর এলাকা আগরতলা থেকে প্রায় ৩৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আসাম রাইফেলস সূত্রে প্রকাশ, অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স, বন দপ্তর, বর্ডার সিকিউরিটি ফোর্স( বিএসএফ) এবং পুলিশের যৌথ সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৬৯ একর এলাকা জুড়ে চাষ করা আনুমানিক ১ লক্ষ ৭০ হাজার অবৈধ গাঁজা গাছ ধ্বংস করা হয়। উদ্ধার ও ধ্বংস করা গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ কোটি ৫০ লক্ষ টাকা বলে মূল্যায়ন করা হয়েছে।