তালায় পিচের রাস্তার সীমানায় ভবন নির্মাণ চেষ্টার অভিযোগ
সরকারি নিয়ম-নীতি অমান্য করে তালার বারাত-মনোহরপুর গ্রামে পিচের রাস্তার সীমানায় ৪তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এক ইসাথে পাশের জমির সীমানা নির্ধারণ না করে জোরপূর্বক ওই ভবন নির্মাণের ফলে রাস্তার দিয়ে যাতায়াতকারী যানবাবাহন, পথচারী এবং পার্শ্ববর্তী জমির মালিকগণ ক্ষতিগ্রস্তসহ হুমকির মুখে পড়বে।
একারণে ভুক্তভোগী জমি মালিকসহ গ্রামের সচেতন লোকজন অবৈধভাবে বাড়ি নির্মাণ বন্ধ করার দাবী জানালে তাদের দফায় দফায় হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়। ফলে বাধ্য হয়ে জনস্বার্থে এলাকাবাসীর পক্ষে বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা করা হয়।
পরবর্তীতে পাটকেলঘাটা থানা পুলিশ ওই ভবন নির্মাণ বন্ধ করে বিজ্ঞ আদালতের নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। কিন্তু এই নির্দেশনা অবমাননা করে জোরপূর্বক আবারও অবৈধ ওই বাড়ি নির্মাণের কাজ শুরুর চেষ্টা করলে এলাকার লোকজনের বাঁধায় তা বন্ধ হয়েছে। কিন্তু কাজ বন্ধ হওয়ায় ওই বাড়ির মালিক ক্ষুব্ধ হয়ে গ্রামের মানুষদের আবারও নানাবিধ হুমকি প্রদান করছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যপারে জানতে চাইলে ফরিদা পারভীন বলেন, রাস্তার সীমানার দেড় ফুট মতো বাদ রেখে আমার বাড়ি নির্মাণ করছি। আদালতে মামলা থাকলেও থানা পুলিশ আমাদের বলেছে তাই সার্ভেয়ার এনে জমি মাপার কাজ করতেছিলাম।
এবিষয়ে সংশ্লিষ্ট পাটকেলঘাটা থানার এএসআই মাসুদ জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে সেখানে স্থিতাদেশ নোটিশ করা আছে। কাউকে ঘর নির্মাণ বা জমি মাপজরিপ করার কথা বলা হয়নি। তবে, শান্তি-শঙ্খলার জন্য উভয় পক্ষকে বিষয়টি মিটমাট করার কথা বলা হয়েছি।