তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনায় ২ পুণ্যার্থী মৃত্যু
ভয়াবহ বাস দুর্ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের হুগলির আরামবাগে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস উল্টে গেল। তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথেই মৃত্যু হল ২ মহিলার। ঘটনায় আহত হন বহু। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের আদম বাঁধ এলাকায়। দুর্ঘটনার খবর পেয়েও অ্যাম্বুলেন্স দেরিতে পৌঁছনো ও উদ্ধার কাজে বিলম্বের অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে। জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) সকালে বর্ধমানের দিক থেকে বর্ধমান - তারকেশ্বর রুটের বাসটি আসছিল। ৪০- ৫০ জন যাত্রী ছিলেন বাসে। আদম বাঁধ এলাকায় বাসের পাতি ভেঙে গিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। তাঁরাই হাত লাগিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার শুরু করেন। দেখা যায়, ঘটনাস্থলেই ২ মহিলার মৃত্যু হয়েছে। মৃতদের নাম লক্ষ্মী মুর্মু (৬৫) ও শমিলা সরেন(৩৫) তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের ধাড়ান এলাকায়। তাঁরা তারকেশ্বরে জল ঢালার জন্য যাচ্ছিলেন বলে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাস দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এই নিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।