
তাঁর গৌরবোজ্জ্বল প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশ
এম. নজরুল ইসলাম
বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। তাঁকে নিয়েও স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। যে স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে সেই স্বপ্নের সমাধি গড়তে চেয়েছিল প্রতিক্রিয়াশীল অপশক্তি। যাঁর নেতৃত্বে এই অপশক্তিকে রুখে দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ, তিনি শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে চার যুগেরও বেশি সময় ধরে সক্রিয় তিনি। তাঁর হাত ধরে বাংলাদেশের ইতিবাচক সব অর্জন। ১৯৮১ সালে, যখন জান্তার বুটের তলায় পিষ্ট প্রিয় স্বদেশ, তিনি এসেছিলেন অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে। সেই থেকে জনকল্যাণের কঠোর ব্রত সাধনায় তাঁর দীর্ঘ পথচলা। বন্ধুর পথ পাড়ি দিয়েছেন তিনি। পায়ে পায়ে পাথর সরিয়ে দেশের মানুষের জন্য তৈরি করেছিলেন গণতন্ত্রের এক শক্ত ভূমি। সেই পবিত্র ভূমি আজ আবার অপশক্তির দখলে। আজ তিনি আবার পরবাসে।
স্বাধীনতাবিরোধী শক্তি একাত্তরে হেরে গেলেও তারা প্রতিশোধের, পাল্টা আঘাত হানার সুযোগ খুঁজতে থাকে। ১৯৭৫ সালে এবং তার পর থেকে আজ পর্যন্ত দেশের ইতিহাস উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার অপপ্রয়াস কম হয়নি। সর্বশেষ ইউনূস সাহেবও রিসেট বাটন টিপেছেন, আগের ইতিহাস মুছে দিয়ে নতুন ইতিহাস লেখার জন্য। বঙ্গবন্ধুকে হত্যার পর বড় দুঃসময়ে জাতির নেতৃত্ব হাতে নিয়েছিলেন তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। আজ তিনি একইভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন। তাঁর সাহসী নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হয়েছে। দেশ এগিয়েছে। বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। নতুন এই ষড়যন্ত্রও স্থায়ী হবে না। তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পথ হারাবে না, হারাতে পারে না।
অভ্যন্তরীণ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি ’চেপে বসা অপশক্তি’ আজ আবার মুক্তিযুদ্ধের সব অর্জনকে নস্যাৎ করতে উঠেপড়ে লেগেছে। শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতৃত্বকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কুৎসা রটনা করা হচ্ছে এবং দিনেরাতে মিথ্যার বেসাতি চলছে। বাঙালিকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। আমরা জানি, তারা অতীতেও সফল হয়নি, আজও সফল হবে না। ১৯৮১ সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা যে প্রজ্ঞার পরিচয় দিয়ে চলেছেন, যে দৃঢ়তার পরিচয় দিয়ে চলেছেন, তা কখনো হেরে যাবার নয়। তিনি যে আদর্শ, যে প্রতিজ্ঞা মাথায় তুলে নিয়েছেন তাকে হারানো সম্ভব নয়।
বাংলাদেশ আজকের রাজনৈতিক ও আর্থসামাজিক অগ্রযাত্রায় তাঁর অবদান অনস্বীকার্য। বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক তিনি। বলার অপেক্ষা রাখে না, তাঁকে ঘিরেই সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ। স্বাধীনতার শত্রুদের অন্তর্জ্বালা সেখানেই। তাঁরা শেখ হাসিনাকে, বাংলাদেশ আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশকে সহ্য করতে পারে না। সে কারণে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। চট্টগ্রামে, কোটালিপাড়ায় তাঁকে হত্যার চেষ্টা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা করা হয়েছে। প্রতিবারই বাংলার মানুষের ভালোবাসার কাছে পরাজিত হয়েছে শক্র। তারপরও ষড়যন্ত্র বন্ধ হয়নি তাঁকে নিয়ে। সর্বশেষ আঘাত এসেছে ২০২৪ সালের আগস্টে।
কল্যাণমন্ত্রে যাঁর দীক্ষা, রবীন্দ্রনাথের ভাষায় ‘মানুষের ধর্ম’ যিনি ধারণ করেন হৃদয়ে, জনগণের সেবা যাঁর ব্রত, তিনিই তো অমৃতের সন্তান। সামরিকতন্ত্র ও ‘কার্ফিউ গণতন্ত্রে’র দেড় দশকের দুঃশাসন এবং গণতন্ত্রের নামে দুই দফায় এক দশকের অপশাসনের মূলোৎপাটন করে যিনি বাংলাদেশকে আজ নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক চেতনা তিনি ধারণ করেন, তা বাস্তবায়নে তাঁর দার্ঢ্য আমাদের বিস্মিত করে। তাঁর এই দৃঢ়তার পরিচয় আমরা পেয়েছি ওয়ান-ইলেভেন নামের চেপে বসা শাসনামলেও। রাজনীতি থেকে তাঁকে দূরে সরিয়ে রাখার চেষ্টা তখনো হয়েছে। মিথ্যা মামলা, দীর্ঘদিনের কারাবাস তাঁকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যূত করতে পারেনি। তাঁর এই অনমনীয় মনোভাব আজও অটুট। আজকের ‘মেটিকুলাসলি ডিজাইন’ করা ষড়যন্ত্রও কর্পুরের মতো উড়ে যাবে।
‘মানুষের দায় মহামানবের দায়, কোথাও সীমা নেই। অন্তহীন সাধনার ক্ষেত্রে তার বাস।…দেশ কেবল ভৌমিক নয়, দেশ মানসিক। মানুষে মানুষে মিলিয়ে এই দেশ জ্ঞানে জ্ঞানে, কর্মে কর্মে।…আমরাও দেশের ভবিষ্যতের জন্য বর্তমানকে উৎসর্গ করেছি। সেই ভবিষ্যকে ব্যক্তিগতরূপে আমরা ভোগ করব না।…ভবিষ্যতে যাঁদের আনন্দ, যাঁদের আশা, যাঁদের গৌরব, মানুষের সভ্যতা তাঁদেরই রচনা। তাঁদেরই স্মরণ করে মানুষ জেনেছে অমৃতের সন্তান, বুঝেছে যে তার সৃষ্টি, তার চরিত্র মৃত্যুকে পেরিয়ে।’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলো শেখ হাসিনার জন্যও সমানভাবে প্রযোজ্য। তিনি দেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করেছেন নিজের বর্তমান। ব্যক্তিগতভাবে বর্তমানকে ভোগ করেন না তিনি। আর সে কারণেই তিনি যেমন চেনেন বাংলার শ্যামল প্রকৃতি, তেমনি বাংলার মানুষ চেনে তাঁকে। বাঙালির সঙ্গে নিবিড় যোগসূত্র তাঁর জন্মান্তরের। দেশের মানুষের আস্থা ও অস্তিত্বে তাঁর স্থায়ী আসন। মানুষের পাশে থাকেন সব সময়।
শেখ হাসিনার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই ‘মানুষের ধর্ম’ তাঁর ব্রত। তাঁর বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সর্বজনীন ও সর্বকালীন মানব’ হিসেবে বাঙালি জাতির হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। মানুষের জন্য জীবন উৎসর্গকারী এই মহামানবের কন্যা শেখ হাসিনাও নিজেকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে। রাজনৈতিক পরিবারে জন্ম, পারিবারিকভাবেই তাই ‘কল্যাণমন্ত্রে দীক্ষা’ হয়েছে শৈশবে। রবীন্দ্রনাথের কথা ধার করেই তাঁর সম্পর্কে বলা যেতে পারে, তিনি ‘সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ’।
রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘মানুষ আছে তার দুই ভাবকে নিয়ে একটা তার জীবভাব, আর-একটা বিশ্বভাব। জীব আছে আপন উপস্থিতিকে আঁকড়ে, জীব চলছে আশু প্রয়োজনের কেন্দ্র প্রদক্ষিণ করে। মানুষের মধ্যে সেই জীবকে পেরিয়ে গেছে যে সত্তা সে আছে আদর্শ নিয়ে। এই আদর্শ অন্নের মতো নয়, বস্ত্রের মতো নয়। এ আদর্শ আন্তরিক আহবান, এ আদর্শ একটা নিগূঢ় নির্দেশ।’ পিতৃআদর্শের সেই আন্তরিক আহবান কিংবা নিগূঢ় নির্দেশেই সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে ফিরে এসেছিলেন পিতৃভূমিতে। তিনি ছিলেন নিতান্তই একা-এমনটি উপলব্ধি হতে পারে অনেকেরই। কিন্তু নিজ বাসভূমে মাটির সন্তানকে যে একাকীত্ববোধ গ্রাস করবে না, তা প্রমাণ হয়ে গিয়েছিল ১৯৮১ সালে। মানুষকে মুক্তির দিশা দিতে পারেন, এমন একজন মানুষের বড় প্রয়োজন ছিল তখন। ঐ সময়ের একমাত্র দাবি ছিল সেটাই। শুধু সময়ের দাবি মেটাতেই নয়, মুক্তিকামী মানুষকে নতুন করে মুক্তির দিশা দিতেই তিনি ফিরে এসেছিলেন এই বিরান বাংলায়। মানুষের স্বতঃস্ফ‚র্ত আহবান উপেক্ষা করতে পারেননি তিনি। মানুষের আকুল আহবান উপেক্ষা করবেন, এমন রক্তধারা তাঁর শরীরে প্রবহমান নয়। মাটির টান আর মানুষের প্রবল ভালোবাসা সেদিন তাঁকে জুগিয়েছিল অদম্য সাহস ও শক্তি। শক্তির বলেই তিনি সেদিন নিতে পেরেছিলেন সামরিকতন্ত্রকে উপেক্ষা করার সিদ্ধান্ত। পেছনে ফেলে এসেছিলেন নারীর নিশ্চিত সংসার। ফেলে এলেন প্রিয়তম স্বামী ও দুই সন্তান। সেদিন বাংলার মানুষ তাঁকে বরণ করে নিয়েছিল অশ্রুবৃষ্টির ভেতর দিয়ে। সেদিনের বিশাল জনসমুদ্র তাঁকে জানিয়ে দিয়েছিল, তিনি একা নন। এই জাতি তাঁর সঙ্গে। জাতির সেই ভালোবাসা ও আস্থার জবাবে তিনিও জানিয়েছিলেন, বাংলার মানুষের দৈন্য দূর করতে তাঁর জীবন উৎসর্গীকৃত। সেদিন নিজেকে জাতির কাছে উজাড় করে দিয়েছিলেন তিনি। ‘কার্ফিউ’ গণতন্ত্রের ভিত্তি নাড়িয়ে দিয়ে মানুষের নতুন মুক্তির ভিত্তি রচনা হলো সেই দিন।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আন্তর্জাতিক গুরুত্ব ও স্বীকৃতির চিহ্ন হিসাবে শেখ হাসিনা ১৯৯৯ সালে ২২ সেপ্টেম্বর ইউনেস্কো শান্তি পুরস্কার পান। কৃষিতে অসামান্য অবদানের জন্য শেখ হাসিনা আন্তর্জাতিক সেরেস পুরস্কারে ভূষিত হন। ইউনেস্কো এবার শান্তিবৃক্ষ পদকে ভূষিত করেছে তাঁকে। আন্তর্জাতিক পর্যায়ে অনেক অর্জন তাঁর। কিন্তু সবচেয়ে বড় অর্জন দেশের মানুষের আস্থা ও ভালবাসা।
পরিবর্তিত পরিস্থিতিতে আজ আবার তিনি পরবাসী। এবার তিনি অনেক বড় এক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রাম বন্দর ও করিডোর দিতে রাজি হননি বলে, বঙ্গোপসাগরে গ্যাস ও খনিজের একতরফা মালিকানা দিতে রাজি হননি বলে, বাংলাদেশে ঘাটি বানাতে দেননি বলে যুক্তরাষ্ট্র এক দীর্ঘ ষড়যন্ত্র করেছে। ইউনূসের ভাষায় যা মেটিকুলাসলি ডিজাইন করা ষড়যন্ত্র। ইউনূস আজ আমেরিকার সব চাওয়া পূরণ করছে। গোপন চুক্তির মাধ্যমে দেশ বিক্রির সকল বন্দোবস্ত সম্পন্ন করছে। আর সব সম্পন্ন করে আবার সে আমেরিকায় পালিয়ে যাওয়ার আয়োজন করছে। কিন্তু একজন শেখ হাসিনা জীবিত থাকতে, বঙ্গবন্ধুর সৈনিকেরা জীবিত থাকতে ষড়যন্ত্রকারীদের কোনো স্বপ্নই পূরণ হবে না। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কোনো বিদেশি শক্তিকে দেওয়া হবে না। মাটি ও মানুষের টানে শেখ হাসিনা শিগগিরই ফিরে আসবেন। ষড়যন্তকারীরা তা বুঝতে পারছে এবং এখনই তারা পালানোর পথ খুঁজছে।
বাংলাদেশের সকল ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক তিনি। তাঁকে ঘিরেই সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ। এ দেশের মানুষের আস্থার প্রতীক তিনি। আজ তাঁর জন্মদিনে আমাদের সশ্রদ্ধ প্রণতি। দীর্ঘজীবী হোন তিনি।
লেখক: সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এবং অস্ট্রিয়াপ্রবাসী মানবাধিকারকর্মী, লেখক ও সাংবাদিক
#SheikhHasina #Bangladesh
![]()









