পদ্মা রেল সংযোগ বর্তমান সরকারের একটি মেগা প্রকল্প, যা আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই আগামী ৭ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া-ভাঙ্গা রুটে পরীক্ষামূলক চলবে ট্রেন। এই রেলপথটি পুরোপুরি চালু হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রেল যোগাযোগ সহজ হবে। এর মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় যুক্ত হবে আরেকটি মাইলফলক।
এ বিষয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানান, পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশটি আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে এখনো প্রধানমন্ত্রী কার্যালয় থেকে চিঠি পাইনি। তারিখ চূড়ান্ত হয়েছে। চিঠি পেলে বিস্তারিত জানানো হবে। এর আগেই আগামী ৭ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। এই অংশের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। তবে পুরো যশোর পর্যন্ত প্রকল্পের বাকি অংশ ২০২৪ সালের জুনে শেষ হবে বলে জানান তিনি।
রেলওয়ে সূত্র জানায়, বর্তমান সরকারের যোগাযোগ অবকাঠামোর আরেকটি মেগা প্রকল্প পদ্মা রেল সংযোগ প্রকল্প। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। ইতোমধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮২ শতাংশ। তবে পদ্মা সেতু হয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। এই অংশে ঢাকা-ভাঙ্গা পর্যন্ত রেললাইন বসানোর পুরো কাজ শেষ হয়েছে। তাই আগামী ৭ সেপ্টেম্বর পদ্মা সেতু হয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে। এর আগে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা-মাওয়া পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে। এবার ঢাকার কমলাপুর স্টেশন থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালানো হবে। এজন্য চীন থেকে কেনা নতুন সাতটি কোচ দিয়ে একটি বিশেষ ট্রেন প্রস্তুত করা হচ্ছে। এটি আগামী ৭ সেপ্টেম্বর সকাল নয়টায় কমলাপুর স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে আগামী ১০ অক্টোবর পদ্মা রেল সংযোগ প্রকল্পটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের কিছুদিন পর থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। প্রথমদিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রুটে তিন স্টেশন দিয়ে ট্রেন সার্ভিস পরিচালনা করা হবে। এর জন্য মাওয়া, পদ্মা ও শিবচর স্টেশন প্রস্তুত করা হয়েছে। বাকি স্টেশনগুলো পর্যায়ক্রমে চালু করা হবে বলে রেলওয়ে কর্মকর্তারা জানান।
এ বিষয়ে পদ্মা রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮২ শতাংশ। তবে ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। ঢাকা-ভাঙ্গা পর্যন্ত পুরো অংশে রেললাইন বসানোর কাজ শেষ হয়েছে। এখন শুধু কিছু স্টেশন ও সিগন্যালিংয়ের কাজ বাকি। আগামী ৭ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। ১০ অক্টোবরে উদ্বোধনের বিষয়ে এখনো কোনো চিঠি দেওয়া হয়নি বলে জানান তিনি।
প্রকল্প সূত্র জানায়, পদ্মা রেল সংযোগ প্রকল্পটি চালুর পর আরও কয়েকটি রুটে ট্রেন পরিচালনা করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ঢাকা-পদ্মা সেতু-রাজবাড়ী রুটে ট্রেন চালানোর প্রস্তাব করা হয়েছে। রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত একটি ট্রেন চালানোর প্রস্তাব রয়েছে। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা পর্যন্ত আসে। এটি ঢাকা পর্যন্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের অধীনে চীন থেকে ১০০ নতুন কোচ কেনা হয়েছে। নতুন কোচ দিয়ে এসব ট্রেন চালু করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।