ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে সকল মহানগর, জেলা ও উপজেলার পৌরসভায় সপ্তাহব্যাপী ওয়ার্ডভিত্তিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগ।
আজ ৩ সেপ্টেম্বর রোববার বিকেলে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ করার লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিপালনের জন্য আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে সকল মহানগর, জেলা ও উপজেলার পৌরসভায় সপ্তাহব্যাপী ওয়ার্ডভিত্তিক কর্মসূচি পালনের জন্য যুবলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
যুবলীগ ঘোষিত কর্মসূচি
সচেতনতামূলক লিফলেট বিতরণ।
মশারি বিতরণ।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ দেশের সকল মহানগর ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
ডেঙ্গু আক্রান্ত রোগীদের সহযোগিতার জন্য রক্ত দান কর্মসূচি।
চিকিৎসকবৃন্দের সমন্বয়ে কেন্দ্র এবং সকল মহানগর ও জেলায় মেডিকেল টিম গঠন।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ দেশের সকল মহানগর ও জেলাসমূহে একটি হটলাইন চালু করতে হবে (এই হটলাইনটি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত সেবা ও রক্তদান কার্যক্রমে সহায়তা করবে)।
সচেতনতামূলক বিলবোর্ড, ফেস্টুন, ই-পোস্টার প্রকাশ ও প্রচার।