ডুমুরিয়ায় প্রাক্তন শিক্ষক দীনবন্ধু রায়ের বাড়িতে অজ্ঞানপার্টির হামলা, সোনা-টাকা-ফোন লুট
খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের মাদারতলা গ্রামে অজ্ঞানপার্টির কবলে পড়েছেন প্রাক্তন শিক্ষক বাবু দীনবন্ধু রায় ও তার পরিবার। মঙ্গলবার (আজ) বিকাল আনুমানিক ৫টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারতলা পল্লীশ্রী গার্লস স্কুলের বিপরীতে নিজ বাড়িতে অবস্থানকালে দুর্বৃত্তরা কৌশলে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলে। পরে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় তারা।
ঘটনার কিছুক্ষণ পর স্বজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক।