ডা. জাহিদের মানবিক ভূমিকায় ৪০ বছর পর আসন ফিরে পেল বিএনপি
দীর্ঘ প্রায় ৪০ বছর পর দিনাজপুর-৬ আসনে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের হাত ধরেই হারানো আসনটি দীর্ঘদিন পর ফিরে পেল বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন ১৪ হাজার ৪১৫ ভোটের ব্যবধানে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলামকে পরাজিত করে আসনটি বিএনপিকে উপহার দিয়েছেন।
দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। এ আসনের ২০০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩।
দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনটিতে বিএনপি সর্বশেষ জয় পেয়েছিল ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আতিউর রহমান ২৩ হাজার ৭২২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সামাদকে পরাজিত করেন। এরপর সেই আসনটিতে বিএনপি আর জয়ের মুখ দেখেনি। পরবর্তীতে ওই আসনটিতে ২ বার জামায়াতে ইসলামী, একবার ন্যাপ এবং বাকি সময়টিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়ে এসেছেন।
দীর্ঘ ৪০ বছর আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও ন্যাপের রাজত্বের পর অবশেষে মানবিকতা দিয়ে ভোটারদের মন জয় করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি বিএনপিকে উপহার দিয়েছেন প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে এলাকার মানুষের সেবা এবং নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যেও মানবিকতার পরিচয় দিয়ে তিনি মানুষের হৃদয় জয় করেছেন। নির্বাচনি মাঠে ডা. এজেডএম জাহিদ হোসেনের ভূমিকা এলাকাজুড়ে আলোচনায় উঠে আসে। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেন। তবে নির্বাচনি প্রচারণার পাশাপাশি একজন চিকিৎসক হিসেবে সাধারণ রোগীর সেবা দিতে তিনি যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা মানুষের মনে বিশেষ প্রভাব ফেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, শুধু ভোট দিলেই উন্নয়ন হয় না, যারা মানুষের পাশে থাকে, দুঃসময়ের পাশে দাঁড়ায়, তার হাতেই আমরা আমাদের ভবিষ্যৎ তুলে দিতে চাই। আর এবারের নির্বাচনে আমরা প্রতিশ্রুতির বাণী না শুনে সেই কাজটিই করেছি।
বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর বলেন, নির্বাচনী প্রচারণাকালে নির্বাচন নিয়ে ব্যস্ততার মাঝেও ডা. জাহিদ হোসেন রোগী দেখেন, মানুষের চিকিৎসা দেন। নির্বাচনি প্রচারণার ব্যস্ততার মধ্যেও ওই এলাকার কোনো মানুষ অসুস্থ হওয়ার খবর পাওয়ামাত্রই তিনি ছুটে গিয়ে রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন। তার এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ভোটারদের আস্থাকে আরও জোরালো করে। ডা. এজেডএম জাহিদ হোসেনের এমন মানবিক ভূমিকায় দীর্ঘ ৪০ বছর পর আসনটি ফিরে এলো বিএনপির ঘরে।