
টেকনাফে বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি করোলা ক্রস প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। অভিযানে মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীন সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে বিশেষ যানবাহন তল্লাশি অভিযানে এ সাফল্য আসে।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের দিকে পাচার করা হবে। এমন তথ্যের পর চেকপোস্টে নজরদারি ও যানবাহন তল্লাশি জোরদার করা হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ থেকে আসা একটি সাদা রঙের করোলা ক্রস প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। চালকের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটির আরও বিস্তারিত তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়ির নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার বক্সের ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক করা হয়েছে টেকনাফ পৌরসভার ডেইলপাড়া এলাকার বাসিন্দা ইমন হোছাইন (২৮)-কে। তিনি কবির আহমদের ছেলে।
অভিযানে ইয়াবার পাশাপাশি একটি করোলা ক্রস প্রাইভেটকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি আইফোন এবং ৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
তিনি জানান, আটক ব্যক্তি ও জব্দ করা আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
![]()









