টেকনাফে বিজিবি’র অভিযানে একজন আটকসহ বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মৎস্য আহরণের অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার
কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণ চোরাচালান প্রতিরোধ এবং সকল ধরনের অবৈধ কার্যক্রম দমনে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ০১ জন আসামিসহ বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মৎস্য আহরণের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
অদ্য ১৩ জুলাই ২০২৬ তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ হতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ কারেন্ট জালসহ মৎস্য আহরণের বিভিন্ন সরঞ্জামাদির একটি চালান নিয়ে মেরিন ড্রাইভ সড়ক হয়ে জাহাজপুরা ঘাটের দিকে যাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের ২ নং গেইট সংলগ্ন পাকা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। পরিকল্পনা মোতাবেক বিজিবি’র আভিযানিক দল আনুমানিক ১৭০০ ঘটিকা হতে উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে, আনুমানিক ১৭৩০ ঘটিকায় টেকনাফ হতে জাহাজপুরা ঘাটগামী একটি অটোরিকশা বিজিবি টহলদল কর্তৃক নিয়মিত তল্লাশির জন্য থামানো হয়। এ সময় চালকের আচরণ সন্দেহজনক প্রতীয়মান হওয়ায় কর্তব্যরত বিজিবি সদস্যগণ অটোরিকশাটি তল্লাশি করেন। তল্লাশিকালে ইজিবাইক বোঝাই বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মৎস্য আহরণের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত মালামাল পরিবহনের দায়ে সংশ্লিষ্ট চালককে আটক করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৯,৯২,০১০/- (নয় লক্ষ বিরানব্বই হাজার দশ) টাকা।
জব্দকৃত মালামালের বিবরণ নিম্নরূপঃ
অবৈধ কারেন্ট জাল - ১৫,৪৫০ মিটার রশি - ১২০ কেজি মবিল - ৩০ লিটার সেন্টার ফ্লোট - ০৮ কেজি ফ্লোট - ১০০ পিস ব্যাটারি চালিত অটোরিকশা - ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল - ০১টি নগদ অর্থ - ৯,১৫০/- টাকা
আটককৃত আসামির বিস্তারিত পরিচয় নিম্নরূপঃ
হোসেন (৩২), পিতা- মোস্তাক আহম্মদ, সাং- উত্তর শিলখালী, ডাকঘর- জাহাজপুরা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের মৎস্যসম্পদ ও পরিবেশ রক্ষায় ক্ষতিকর অবৈধ কারেন্ট জাল এবং মৎস্য আহরণের নিষিদ্ধ সরঞ্জামাদির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে এ ধরনের অভিযান, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত আসামি এবং জব্দকৃত অবৈধ কারেন্ট জালসহ মৎস্য আহরণের অন্যান্য সরঞ্জামাদি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।