- - -

টেকনাফে বন্যার্তদের পাশে যুব সংগঠন

Print News

টেকনাফে বন্যার্তদের পাশে যুব সংগঠন

 

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়ি প্লাবিত, কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত এবং নলকূপ ও স্যানিটেশন ব্যবস্থা পানির নিচে তলিয়ে যাওয়ায় এলাকায় নিরাপদ পানীয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় যুব নেতৃত্বাধীন সংগঠন SHAY (Support for Humanitarian Aid Youth Society), JYDA Bangladesh এবং Youth Peacebuilders, ActionAid Bangladesh-এর সহযোগিতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগের শুরু থেকেই স্বেচ্ছাসেবকেরা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ, পাহাড়ধসের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে অনেক পরিবার নিজ বাড়িতে অবস্থান করলেও রান্না, নিরাপদ পানি সংগ্রহ এবং ন্যূনতম স্বাস্থ্যবিধি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী।

SHAY-এর প্রতিনিধি আলম মুহাম্মদ রাসেল বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সবচেয়ে বেশি যে চাহিদার কথা মানুষ জানিয়েছেন, তা হলো নিরাপদ পানীয় পানি। নলকূপ তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এ কারণে স্থানীয় প্রশাসন ও মানবিক অংশীজনদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি জানান, জরুরি সাড়া কার্যক্রমের প্রথম ধাপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৩৮০টি পরিবারের প্রায় ১ হাজার ৯০০ মানুষের মধ্যে শুকনো খাবার, নিরাপদ পানীয় পানি, জরুরি ত্রিপল, ওআরএস এবং নারী ও কিশোরীদের জন্য ডিগনিটি কিট বিতরণ করা হবে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

সংগঠনগুলোর মতে, চলমান বর্ষা মৌসুমে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সরকারি প্রতিষ্ঠান, মানবিক সংস্থা, দাতা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি জীবনরক্ষাকারী সহায়তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa