টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র মামলার আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। বৃহস্পতিবার বিকেলে নয়াবাজারসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম নূর হাসেম (৩৫)। এসআরবি-১৫-এর তথ্য অনুযায়ী, তিনি টেকনাফ থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে নূর হাসেমকে গ্রেপ্তার করা হয়।
তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী এলাকার পূর্ব মহেশখালীয়াপাড়ার বাসিন্দা খুইল্লা মিয়ার ছেলে।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।