জ্ঞানেশ কুমারকে বাঁচাতে দেশবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদি- শাহ, তোপ দীপকের
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এমনই অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টি ( সিজেপি) এর নেতা অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) সাংবাদিক সম্মেলনে দিল্লি রাস্তায় আন্দোলনকারী তরুণ - তরুণী এবং বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের আটকের তীব্র প্রতিবাদ জানান তিনি। সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাংকাকে বিচার বিভাগীয় হেফাজতে তিহার জেলে পাঠানোর একদিন পর, নেহা বোরা এবং প্রকাশ রাজকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিজিৎ দীপকে। আন্দোলনকারীদের ওপর পুলিশি পদক্ষেপের তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, দিল্লির যুব সমাজ আজ রাজপথে নেমে লড়াই করছে। রাস্তা থেকে টেনে হিঁচড়ে তাঁদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। নেহা, আয়েশা কিংবা ইশাদের কেন এভাবে হেনস্তা করা হচ্ছে? শুধুমাত্র একজন জ্ঞানেশ কুমারকে বাঁচানোর জন্য?, দীপকে আরও মনে করিয়ে দেন, প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ায় লোকসভার বিরোধী দলনেতা থেকে শুরু করে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের আটক করা হয়েছে। গত ১০ অক্টোবরের প্রতিবাদের কথা উল্লেখ করে তিনি বলেন, কেবল একজন মানুষকে আড়াল করতে দিল্লির ট্রেন ও পরিবহন পরিষেবা স্তব্ধ করে দেওয়া হয়েছিল।